আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

জিয়াউলের মামলার যুক্তিতর্কের শুনানি সরাসরি সম্প্রচার আজ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪২ এএম

আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মামলায় আজ মঙ্গলবার যুক্তিতর্কের শুনানি হবে। আর এ শুনানি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে। গত রবিবার এ মামলায় জিয়াউলের পক্ষে-বিপক্ষে সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার যুক্তিতর্কের শুনানির দিন ধার্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম গতকাল এক হোয়াটসআপ বার্তায় বলেন, আগামীকাল জিয়াউল আহসানের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিটিভি এবং প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে শুনানি সরাসরি সম্প্রচার করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার জিয়াউল আহসানের বিরুদ্ধে ১৫তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর রবিবার আসামির পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি।

আসামির বিরুদ্ধে শতাধিক মানুষকে গুম করে হত্যার ঘটনায় তিনটি অভিযোগ এনে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। গত ১৪ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক দিন পর গ্রেপ্তার হন জিয়াউল আহসান।

সর্বশেষ সর্বাধিক পঠিত