গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ফেসবুকে সেই ঘটনার ভিডিও দিয়ে উল্লাস করা নিষিদ্ধ ছাত্রলীগকর্মী জয়নাল মুন্সী ওরফে জিসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জয়নালের বাড়ি নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রামে। তবে মুকসুদপুর সদরে তাদের আরেকটি বাড়ি আছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, নগরকান্দার পুরাপাড়া গ্রামে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগে করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জানা যায়, জয়নাল নগরকান্দার পুরাপাড়া এলাকায় সন্ত্রাসী কর্মকা- চালানোর অভিযোগে প্রায় এক মাস আগে করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। বিশেষ অভিযান চালিয়ে রবিবার রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে থানায় এনে তার মুঠোফোন সেটে ১৯ নভেম্বর দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়া যায়। তিনি ফেসবুকে ওই ঘটনার ভিডিও দিয়ে উল্লাস প্রকাশ করেছিলেন। সেই ভিডিও ছিল মোবাইলে।
নগরকান্দা থানার ওসি গোলাম রসুল সামদানি আজাদ বলেন, ‘জয়নাল মুন্সীকে নগরকান্দা থানায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাকে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’ গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান সাংবাদিকদের জানান, মুকসুদপুর থানায় ভাঙচুর ও হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। থানার অচলাবস্থা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগছে। থানা ভাঙচুরের ঘটনায় বাদী হয়ে মামলা করবে পুলিশ। সেই প্রক্রিয়া চলছে। নগরকান্দা থানায় যে যুবক গ্রেপ্তার হয়েছে, তার বিরুদ্ধে মুকসুদপুর থানা ভাঙচুরের অভিযোগ আছে। সেটি আমরাও নিশ্চিত হয়েছি।’