শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ এএম

জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষা মিশনে (মিনুস্কা) যোগ দিতে বাংলাদেশ পুলিশের আট কর্মকর্তা ঢাকা ত্যাগ করেছেন। জাতিসংঘের এ মিশনে বাংলাদেশ পুলিশের এটিই এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক ইন্ডিভিজ্যুয়াল পুলিশ অফিসার (আইপিও) মোতায়েন। গত রবিবার ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি বিমানে ঢাকা ত্যাগ করেছেন তারা।

গতকাল সোমবার পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, আট সদস্যের এ দলে একজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। তারা ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় পৌঁছান এবং গতকালই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে যান। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ সম্প্রসারণের ক্ষেত্রে এ মোতায়েন এক গুরুত্বপূর্ণ মাইলফলক। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব, সক্ষমতা ও অঙ্গীকারের ধারাবাহিকতায় এটি দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে জানায় পুলিশ হেডকোয়ার্টার্স।

সর্বশেষ সর্বাধিক পঠিত