চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় চলাচলকারী এক হাজারের বেশি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা থেকে মাসে কোটি টাকার ‘কার্ড বাণিজ্য’ চলছে বলে অভিযোগ উঠেছে। ‘চট্টগ্রাম বেবি, টেম্পো ড্রাইভার্স ও সহকারী ইউনিয়ন’-এর নাম ব্যবহার করে কতিপয় শ্রমিক নেতা প্রতিটি অটোরিকশা থেকে মাসে ৭০০ টাকা করে চাঁদা আদায় করছেন।
ভুক্তভোগী চালকদের অভিযোগ, সংগঠনের ‘পরিচয়পত্র’ নামক এই কার্ডটি গাড়িতে থাকলে সড়কে ট্রাফিক পুলিশের কোনো বাধার মুখে পড়তে হয় না। কিন্তু কার্ড না থাকলেই পুলিশের মামলা ও গাড়ি আটকের শিকার হতে হয়।
অনুসন্ধানে জানা গেছে, কর্ণফুলী উপজেলায় বিতরণ করা ওই কার্ডে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর থাকলেও তাদের নাম উল্লেখ নেই। কার্ডটিতে সংগঠনটিকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত হিসেবে দেখানো হয়েছে (রেজি. নং-চট্ট-১৩৪৯) এবং প্রধান কার্যালয়ের ঠিকানা দেওয়া হয়েছে চট্টগ্রামের কাজীর দেউরির নাসিমন ভবন।
স্থানীয় সূত্র ও চালকদের দাবি, অবৈধ এই অর্থ আদায়ের নেপথ্যে স্থানীয় জাফর আহমদ, মো. মামুন, জিয়াউর রহমান মির্জা, হারুনুর রশিদ ও মোহাম্মদ ছৈয়দের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে।
হিসাব অনুযায়ী, এলাকায় চলাচলরত এক হাজারের বেশি অটোরিকশা থেকে মাসে ৭০০ টাকা হারে কয়েক লাখ টাকা আদায় হলেওÑ স্থানীয়দের দাবি, টোকেন, লাইনম্যান ও অন্যান্য খাত মিলিয়ে এই চক্রটি প্রতি মাসে প্রায় দুই থেকে তিন কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
অভিযোগ রয়েছে, মোহাম্মদ ছৈয়দের মাধ্যমে আদায় করা এই চাঁদার টাকা স্থানীয় রাজনৈতিক নেতা, ট্রাফিক পুলিশ এবং শ্রমিক সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে ভাগ-বাটোয়ারা হয়।
স্থানীয়দের মতে, সংগঠনটি কর্ণফুলী উপজেলাকেন্দ্রিক নামে পরিচালিত হলেও এর সদস্য তালিকায় রয়েছেন বাঁশখালী, আনোয়ারা, পটিয়া, সাতকানিয়া এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার সিএনজিচালিত অটোরিকশাচালকরা। মূলত এসব এলাকার চালকরা মইজ্জ্যারটেক থেকে গ্রামমুখী যাত্রী পরিবহন করেন। ফলে গ্যাস সংগ্রহ ও যাত্রী পরিবহনের প্রয়োজনে তাদের প্রতিদিনই মইজ্জ্যারটেক এলাকায় আসতে হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে সংগঠনটি পরিচয়পত্র (কার্ড) দেওয়ার নাম করে চালকদের কাছ থেকে নিয়মিত টাকা আদায় করছে।
ভুক্তভোগী চালকদের অভিযোগ, মইজ্জ্যারটেক এলাকায় অটোরিকশা চালানোর ক্ষেত্রে এই সংগঠনের কার্ডটি এক ধরনের অলিখিত ছাড়পত্র হিসেবে কাজ করে। যাদের কাছে এই কার্ড থাকে, তারা ট্রাফিক পুলিশের কোনো বাধা ছাড়াই নির্বিঘেœ চলাচল করতে পারেন। বিপরীতে, কার্ড না থাকলে চালকদের নানা হয়রানি, মামলা ও গাড়ি আটকের শিকার হতে হয়।
মাসে কোটি টাকার এই কার্ড বাণিজ্য প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চালক ও সংশ্লিষ্ট ব্যক্তি জানান, মূলত ট্রাফিক পুলিশ, প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতাদের ‘ম্যানেজ’ করে চলতেই চালকদের কাছ থেকে এই অর্থ নেওয়া হয়।
এ বিষয়ে চট্টগ্রাম বেবি, টেম্পো ড্রাইভার্স ও সহকারী ইউনিয়নের কর্ণফুলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, ‘আমাদের সংগঠনের সদস্যদের নতুন করে এসব কার্ড দিয়েছি। আমরা বেশি কার্ড করিনি। এসব কার্ড দিয়ে কোনো গাড়ি চলাচল করে না।’
কর্ণফুলীর মইজ্জ্যারটেক ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. মশিউর রহমান বলেন, ‘সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্ঘটনা কমাতে সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা চালকদের স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, টোকেনের নামে কোনো ধরনের অর্থ লেনদেন বৈধ নয়। কেউ যদি পুলিশের নাম ভাঙিয়ে এসব কর্মকা- পরিচালনা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকদের সহযোগিতা ছাড়া সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই সবাইকে ট্রাফিক আইন মেনে
চলার আহ্বান জানানো হচ্ছে। কর্ণফুলী ও বন্দর এলাকার মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখাই পুলিশের লক্ষ্য।’