থেমে গেল মিফতাহুলের স্বপ্ন

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ এএম

চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন মিফতাহুল জান্নাত। চোখে ছিল উচ্চশিক্ষার রঙিন স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের পথে স্নাতকে ভর্তির কাগজপত্রের জন্য কলেজে যেতে সকাল পৌনে ১০টায় বাড়ি থেকে বের হন তিনি। বের হওয়ার পাঁচ মিনিটের মধ্যে উল্টো পথে আসা মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লাইফ সাপোর্টে পাঠান। এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে যন্ত্রণায় কাতরিয়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন মিফতাহুল জান্নাত। গতকাল সোমবার ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

মিফতাহুল জান্নাত চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামের মৃত আনিসুজ্জামান ও রিজিয়া বেগম দম্পতির মেয়ে। বাবাহীন সংসারে তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। পড়াশোনার সুবিধার্থে তিনি আনোয়ারা উপজেলার উত্তর চাতরী এলাকায় নানাবাড়িতে থেকে লেখাপড়া করতেন। এর আগে গত মঙ্গলবার সকালে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারের উত্তরে রাজছিলা মাজারের সামনের সড়কে উল্টো পথে আসা একটি মোটরসাইকেলের ধাক্কা নিভিয়ে দিল একটি পরিবারের অনেক দিনের লালিত স্বপ্নও।

মিফতাহুল জান্নাতের মামা হারুনুর রশিদ বলেন, আমার ভাগিনী ৭ দিন লাইফ সাপোর্টে থাকলেও দুর্ঘটনায় অভিযুক্ত ব্যক্তি একবারও খবর নেয়নি। হাসপাতালে আমাদের সাড়ে ৩ লাখ টাকা খরচ হয়েছে। তার বাবাও নেই। সোমবার আসরের নামাজের পর তার নিজবাড়ি পটিয়ায় জানাজা শেষে বাবার পাশে তাকে দাফন করা হবে।

এদিকে পিতৃহীন মিফতাহুল জান্নাতকে হারিয়ে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মা রিজিয়া বেগমের কান্না থামছেই না। তাকে সান্ত¡না দিতে পারছে না কেউ। বারবার মেয়ের কথা বলে জ্ঞান হারাচ্ছেন তিনি।

আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীর আহতের পর মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে এখনো স্বজনরা কোনো অভিযোগ বা মামলা করেনি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত