কয়েক দিন ধরে বৃষ্টি। এর মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কাও ছিল। এসব উপেক্ষা করেই সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসবে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজারো পুণ্যার্থী ছুটে এসেছেন সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে। রাসপূর্ণিমা উপলক্ষে সেখানে চলছে পূজা-অর্চনা। গত রবিবার সকালে বঙ্গোপসাগরে পুণ্যস্নান করেছেন ভক্তরা। ট্রলার ও নৌকায় শনিবার সকাল থেকেই দুবলার চরে আসতে শুরু করেন পুণ্যার্থীরা। বন বিভাগের পাস-পারমিট নিয়ে নির্ধারিত পথে তারা চরে পৌঁছান। বৃষ্টির কারণে যাত্রায় কিছুটা ভোগান্তি হলেও উৎসবে যোগ দিতে পেরে খুশি সবাই। শত শত ট্রলারে আসা পুণ্যার্থী ও ভক্ত সমাগমে চরের রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ এখন মুখরিত।
কোস্ট গার্ডের দুবলার চর এলাকার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা লেফটেন্যান্ট কমান্ডার জাকি আল ফাত্তাহ জানান, রাস উৎসব নির্বিঘেœ সম্পন্ন করতে পুণ্যার্থীদের নিরাপত্তা, বন ও বন্যপ্রাণী সুরক্ষায় টহল জোরদার করেছে কোস্ট গার্ড, বন বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বন বিভাগ সূত্রে জানা গেছে, এবারের উৎসবে আসার জন্য সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই স্টেশন থেকে ২৯৯টি ট্রলারে ৬ হাজার ৪২২ জন এবং ঢাংমারী স্টেশন থেকে ১১১টি ট্রলারে ২ হাজার ৩৭১ জনকে পাস-পারমিট দেওয়া হয়েছে। পশ্চিম বন বিভাগের নলিয়ান স্টেশন থেকে ১০টি ট্রলারে ১৬৫ জন, বুড়িগোয়ালিনী স্টেশন থেকে সাতটি ট্রলারে ২১১ জন এবং কোবাদক স্টেশন থেকে একটি ট্রলারে ২৭ জনকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে দুবলার চরের আলোরকোলে রাস উৎসব অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রাসপূর্ণিমার সকালে সমুদ্রের পানিতে স্নান করলে পুণ্য লাভ হয় এবং পাপমোচন ঘটে। এই বিশ্বাস থেকেই প্রতিবছর দূরদূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন।
সরদার ফারুক হোসেন নামে এক জেলে বলেন, আগে এ মেলায় ৪০ থেকে ৫০ হাজার মানুষের সমাগম হতো। পুণ্যার্থী ছাড়াও পর্যটক ও স্থানীয় মানুষের ভিড়ে মুখর থাকত পুরো চর। তবে সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার কথা বিবেচনা করে ২০২০ সালের পর থেকে রাসমেলা বন্ধ রাখা হয়েছে। বন বিভাগের আশঙ্কা, বিপুল মানুষের সমাগম হলে বনের ভেতরে অনিয়ন্ত্রিত চলাচল, শব্দদূষণ ও বর্জ্য ছড়িয়ে পড়তে পারে। এতে বন্যপ্রাণী ও বনজ সম্পদের ক্ষতির ঝুঁকি তৈরি হয়।
কপোতাক্ষ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক বিদেশ রঞ্জন বলেন, রাসমেলাকে ঘিরে একসময় সব ধর্মের মানুষের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ত। সুন্দরবনের সমুদ্রসৈকত ও প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করার মতো। কিন্তু প্রচারের অভাবে অনেকেই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, ১৯২৩ সালে হরিভজন নামে এক সাধু দুবলার চরে রাস উৎসবের সূচনা করেন। পরে জেলে সম্প্রদায়সহ বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা এ উৎসবে যুক্ত হন। সেই হিসাবে চলতি বছর উৎসবের ১০৩ বছর পূর্ণ হচ্ছে।