শকুন রক্ষায় সুন্দরবনে জাহাজে বসছে আন্তর্জাতিক সম্মেলন

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫২ এএম

একসময় গ্রামবাংলার আকাশে ঝাঁকে ঝাঁকে দেখা যেত শকুন। মৃত গবাদিপশুর দেহাবশেষ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত প্রকৃতির এই পরিচ্ছন্নতাকর্মী পাখি। কিন্তু মাত্র কয়েক দশকের ব্যবধানে সেই পরিচিত দৃশ্য এখন হারিয়ে গেছে। বিষাক্ত পশুচিকিৎসার ওষুধ, খাদ্যসংকট, নিরাপদ আবাসস্থলের অভাব ও মানুষের নানা কর্মকাণ্ডে বাংলাদেশে শকুনের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। গবেষণার তথ্য বলছে, বাংলাদেশে এখন টিকে আছে আড়াইশর মতো শকুন।

বিপন্ন এই পাখির অস্তিত্ব রক্ষা, নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা এবং প্রকৃতিতে সংখ্যা পুনরুদ্ধারের কৌশল নির্ধারণে এবার সুন্দরবনে বসছে শকুন সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। ২৪ ও ২৬ নভেম্বর সুন্দরবনের করমজল এলাকার কাছাকাছি জাহাজে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। এতে বাংলাদেশসহ বিশ্বের ১০টি দেশের ৪১ জন বিশেষজ্ঞ, গবেষক, সংরক্ষণকর্মী ও সরকারি প্রতিনিধি অংশ নেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ বন বিভাগের উদ্যোগে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) বাংলাদেশ, সেভিং এশিয়াস ভলচার্স ফ্রম এক্সটিংশন (সেভ), বার্ডলাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস (আরএসপিবি), স্কোপ ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনসহ কয়েকটি সংস্থার সহযোগিতায় সম্মেলনটি আয়োজন করা হচ্ছে। এতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফাহমিদা খানম এবং বন বিভাগের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকবেন।

জানা গেছে, শকুনের অস্তিত্ব সংকটের পেছনে সবচেয়ে বড় কারণগুলোর একটি পশুচিকিৎসায় ব্যবহৃত ব্যথানাশক ওষুধ ডাইক্লোফেনাক। গবাদিপশুর চিকিৎসায় এই ওষুধ প্রয়োগের পর কোনো পশু মারা গেলে তার দেহাবশেষ খেয়ে শকুনের কিডনি বিকল হয়ে মৃত্যু হতে পারে। নব্বইয়ের দশক থেকে দক্ষিণ এশিয়ায় এই ওষুধের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে শকুনের সংখ্যা দ্রুত কমতে শুরু করে। এই বিপর্যয় ঠেকাতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে পশুচিকিৎসায় ডাইক্লোফেনাকের ব্যবহার নিষিদ্ধ করা হয়। বাংলাদেশেও ২০১০ সালে পশুচিকিৎসায় ওষুধটির ব্যবহার নিষিদ্ধ করা হয়। তবে নিষেধাজ্ঞার পরও বিভিন্ন দেশে ওষুধটির সরবরাহ ও বিক্রি অব্যাহত রয়েছে। ফলে শকুনের সংখ্যা দিনে দিনে কমছে।

গবেষণায় দেখা যায়, বাংলাদেশে শকুনের জন্য ক্ষতিকর কেটোপ্রোফেন সামগ্রিকভাবে সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধ ছিল। তবে ২০২৩ সালে পশুচিকিৎসায় এর ব্যবহার দেশব্যাপী নিষিদ্ধ করার পর ২০২৪ সালে বাজারে এর উপস্থিতি এক শতাংশের নিচে নেমে আসে। এটি শকুন সংরক্ষণে বাংলাদেশের একটি ইতিবাচক অগ্রগতি। তবে নতুন করে উদ্বেগ তৈরি করেছে ফ্লুনিক্সিন নামের আরেকটি ব্যথানাশক ওষুধ। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে ওষুধটির ব্যবহার দ্রুত বাড়ছে। অথচ দক্ষিণ এশিয়ার শকুনের বিচরণ ক্ষেত্রভুক্ত কোনো দেশেই এখন পর্যন্ত ফ্লুনিক্সিন নিষিদ্ধ করা হয়নি। ফলে কেটোপ্রোফেনের ব্যবহার কমিয়ে আনার পর নতুন কোনো ক্ষতিকর ওষুধ শকুনের জন্য হুমকি হয়ে উঠছে কি না তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

দেশে শকুনের সংখ্যা আড়াইশর কাছাকাছি : বাংলাদেশে একসময় বিপুলসংখ্যক শকুনের বিচরণ ছিল। চার-পাঁচ দশক আগেও দেশে প্রায় ৫০ হাজার শকুন ছিল বলে সংশ্লিষ্টদের ধারণা। কিন্তু আবাসস্থল ধ্বংস, খাদ্যসংকট ও বিষাক্ত ওষুধের কারণে সেই সংখ্যা বিপর্যয়করভাবে কমে যায়। বন বিভাগ ও আইইউসিএনের ২০২৩ সালের যৌথ শুমারিতে দেশে ২৬৭টি শকুনের অস্তিত্ব পাওয়া যায়। আইইউসিএনের পরবর্তী হিসাব ও সাম্প্রতিক প্রকাশিত তথ্যে দেশে প্রায় ২৪৮টি শকুন টিকে থাকার কথা উল্লেখ করা হয়। অর্থাৎ সংরক্ষণ কার্যক্রমের কারণে দ্রুত পতন কিছুটা নিয়ন্ত্রণে এলেও প্রজাতিটির অস্তিত্ব এখনো অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

শকুনের নিরাপদ আবাসস্থল সুন্দরবন : বাংলাদেশে শকুনের নিরাপদ আবাসস্থল গড়ে তুলতে দুটি ভালচার সেফ জোন বা শকুন নিরাপদ অঞ্চল ঘোষণা করা হয়েছে। সুন্দরবনকে শকুনের নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। ফলে শকুন সংরক্ষণে কাজ করা বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের জন্য সুন্দরবন একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক গবেষণাক্ষেত্র।

সেভের উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা : এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ ও সংখ্যা পুনরুদ্ধারের লক্ষ্যে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় ‘সেভিং এশিয়াস ভলচার্স ফ্রম এক্সটিংশন’ বা সেভ। বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার ও কম্বোডিয়ায় শকুন সংরক্ষণে কাজ করছে এই আন্তর্জাতিক উদ্যোগ। সেভের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো শকুনের বর্তমান অবস্থা, মৃত্যুর কারণ, সংরক্ষণ কার্যক্রম, গবেষণা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করে। এর আগে ২০১৪ ও ২০১৭ সালে বাংলাদেশে এবং ২০২৫ সালে কম্বোডিয়ায় সংস্থাটির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছিল। এবার সুন্দরবনে জাহাজে অনুষ্ঠিত হচ্ছে সংস্থাটির বার্ষিক সম্মেলন।

আইইউসিএন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সারওয়ার আলম দিপু গণমাধ্যমকে জানান, এবার প্রথমবারের মতো সুন্দরবনে জাহাজে সংস্থাটির বার্ষিক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শকুনের জন্য ক্ষতিকর ভেটেরিনারি ওষুধ নিয়ন্ত্রণ, নিরাপদ খাদ্য সরবরাহ, চিকিৎসা, সংখ্যা পর্যবেক্ষণ, কৃত্রিম প্রজনন ও প্রকৃতিতে অবমুক্তকরণের পাশাপাশি আন্তর্দেশীয় সহযোগিতার বিষয়গুলো সম্মেলনে গুরুত্ব পাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত