নারীর প্রতি সহিংস আচরণ গুরুতর অপরাধ। পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, জনসমাগমস্থলসহ নানা জায়গায় নারীদের নির্যাতিত ও হয়রানি হওয়ার খবর শোন যায়। শারীরিক আঘাতের পাশাপাশি মানসিক নির্যাতন, যৌতুকের চাপ, যৌন হয়রানি, সম্পত্তি থেকে বঞ্চিত করা এবং জোরপূর্বক বিয়ের মতো ঘটনাও ঘটে। এসব অন্যায় নারীর জীবনকে বিপর্যস্ত করে এবং পরিবার ও সমাজে অশান্তি সৃষ্টি করে। ইসলাম নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে। নারীর প্রতি সদাচরণ, ন্যায়বিচার ও সহমর্মিতার শিক্ষা দিয়েছে। একই সঙ্গে জুলুম ও অধিকার হরণকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে।
ইসলাম নারী ও পুরুষ উভয়কেই আল্লাহর সৃষ্টি হিসেবে মর্যাদা দিয়েছে। আল্লাহর কাছে মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি লিঙ্গ, বংশ বা সম্পদ নয়, বরং তাকওয়া। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক মর্যাদাবান, যে তোমাদের মধ্যে অধিক তাকওয়াবান।’ (সুরা হুজুরাত ১৩)
স্ত্রীর সঙ্গে সদাচরণ করা স্বামীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। মহান আল্লাহ বলেন, ‘তোমরা তাদের সঙ্গে সদ্ভাবে জীবনযাপন করো।’ (সুরা নিসা ১৯) দাম্পত্য জীবনে মতের অমিল হতে পারে। তবে তা সমাধানে ধৈর্য, আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার পথ অনুসরণ করতে হবে। গালাগাল, অপমান, মারধর কিংবা মানসিক নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মহানবী হজরত মুহাম্মদ (সা.) নিজের জীবনে নারীর প্রতি সম্মান ও কোমল আচরণের দৃষ্টান্ত স্থাপন করেছেন। হজরত আয়েশা (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) কখনো নিজের হাতে কোনো নারী কিংবা খাদেমকে প্রহার করেননি।’ (সহিহ মুসলিম)
নারীর সম্পত্তি ও উত্তরাধিকার নিশ্চিত করতে জোর দিয়েছে ইসলাম। মহান আল্লাহ পবিত্র কোরআনে নারী-পুরুষ উভয়ের উত্তরাধিকার নির্ধারণ করেছেন। তাই মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করা কিংবা জোর করে তার সম্পদ নিয়ে নেওয়া অন্যায়। একইভাবে যৌতুকের জন্য নারীকে নির্যাতন করা এবং তার সম্মতি ছাড়া বিয়ে চাপিয়ে দেওয়াও ইসলামের শিক্ষার বিরোধী।
কন্যাসন্তানের প্রতি ভালোবাসা ও দায়িত্বশীল আচরণের শিক্ষা দিয়েছে ইসলাম। তাদের লালন-পালন, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করাকে সওয়াবের কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) দুটি কন্যাসন্তানের দায়িত্ব যথাযথভাবে পালনের বিশেষ মর্যাদা বর্ণনা করেছেন, তা হলো, তার সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য।