পঞ্চগড়ে প্রতিদিনই কমছে তাপমাত্রা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকছে পুরো জেলা। তীব্র শীত অনুভূত না হলেও কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সকালে সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন মঙ্গলবার সকালে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকাল ৬টায়ও তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৭২ শতাংশ।
ঘন কুয়াশায় ভোগান্তির কথা জানিয়ে অটোচালক বাবুল ইসলাম বলেন, কুয়াশার কারণে দূরের কিছু দেখা যায় না। দিন দিন ঠান্ডা বাড়ছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশাও ঝরছে। আরেক অটোচালক জরিপ বলেন, ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে।
শহরের ডোকরোপাড়া এলাকার কর্মজীবী নারী আমেনা জানান, ভোরে কাজে বের হতে হয়। কিন্তু কুয়াশার কারণে রাস্তাঘাট ঠিকমতো দেখা যায় না। যানবাহনগুলোও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সকাল ৮টা বেজে গেলেও সূর্যের দেখা মেলেনি।
এদিকে শীতের প্রভাবে জেলার বিভিন্ন হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ও বয়স্ক রোগীদের ভিড় দেখা যাচ্ছে। সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাহবুব উল আলম বলেন, হাসপাতালে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বাড়ছে। শীতকালে শিশু ও বয়স্কদের রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়ায় শ্বাসযন্ত্রের সংক্রমণ, ত্বকের শুষ্কতা ও হৃদরোগের ঝুঁকি বাড়ে। সঠিক পোশাক, পুষ্টি ও সতর্কতার মাধ্যমে তাদের সুরক্ষিত রাখা সম্ভব।
উল্লেখ্য, এর আগে গত ১৯ নভেম্বর তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।