ভূমি রেকর্ড ডিজিটালাইজেশনে সরকার-ইউএনডিপি চুক্তি

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ এএম

দেশের ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করে তুলতে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে দেশের ৬১টি জেলার প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটালাইজড করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে ভূমি মন্ত্রণালয়ের ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’ এবং ইউএনডিপির মধ্যে এই অংশীদারত্ব চুক্তি সম্পন্ন হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. পারভেজ হাসান এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, অতীতে দেশের ভূমি ব্যবস্থাপনার চিত্র মোটেও সুখকর ছিল না। ভূমির সুষ্ঠু বণ্টন না থাকায় ভূমিদস্যুরা ছিল বেপরোয়া এবং ফড়িয়া-দালালদের দৌরাত্ম্যে খুনখারাবিসহ নানা অরাজকতায় সাধারণ মানুষ জিম্মি হয়ে থাকত। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই অন্ধকার অধ্যায়ের অবসান ঘটতে চলেছে।

আগামীর বাংলাদেশে একটি আধুনিক, স্বচ্ছ ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে ইউএনডিপির সঙ্গে সরকারের এই চুক্তি যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

বাংলাদেশ সরকারের অর্থায়নে গৃহীত এই মেগা উদ্যোগের মূল লক্ষ্য ভূমিসংক্রান্ত তথ্যের শতভাগ নির্ভুলতা নিশ্চিত করা, নাগরিকদের জন্য ভূমিসেবা সহজলভ্য করা, প্রশাসনিক দীর্ঘসূত্রতা দূর করা এবং সাধারণ মানুষের ভূমির মালিকানা ও অধিকার সুরক্ষা জোরদার করা। 

উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয় ও ইউএনডিপির পূর্ববর্তী সফল অংশীদারত্বের ধারাবাহিকতায় দেশব্যাপী এই বৃহৎ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ২০২৫ সালে প্রাক-পাইলট কার্যক্রমের মাধ্যমে যাত্রা শুরুর পর পর্যায়ক্রমে আটটি পাইলট জেলা এবং পরবর্তীতে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে এর সফল বাস্তবায়ন ঘটে। এ পর্যন্ত ১১টি জেলার ৩৩৪টি ইউনিয়ন ভূমি অফিসের প্রায় ১ কোটি ৩৩ লাখ হোল্ডিং ও খতিয়ানের রেকর্ড সফলভাবে ডিজিটালাইজড করা হয়েছে। বিজ্ঞপ্তি

সর্বশেষ সর্বাধিক পঠিত