কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার নারী-শিশুসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সিএনজিচালক। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেনÑ কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নলবনিয়া এলাকার শামসুল আলমের ছেলে সাহাব উদ্দিন এবং বান্দরবানের লামা উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ফকিরা ঘোনা এলাকার মু. ছাবেরের ছেলে মু. সাইফুল ইসলাম। নিহত অন্যদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার অভিমুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে বাসের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই তিন যাত্রী প্রাণ হারান।
দুর্ঘটনায় আহত এক নারী ও তার শিশুসন্তানসহ তিনজনকে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক নারী ও শিশুকে মৃত ঘোষণা করেন।