নারীদের চর্মরোগ বাড়ছে

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ এএম

সুন্দরবন উপকূলের মানুষের কাছে লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও সুপেয় পানির সংকট দীর্ঘদিনের পরিচিত দুর্যোগ। তবে খুলনার কয়রা, দাকোপ এবং সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলায় এখন নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে তীব্র চর্মরোগ। স্থানীয়দের অভিজ্ঞতায়, পুরুষের তুলনায় এই রোগে নারীরাই বেশি আক্রান্ত হচ্ছেন।

ভুক্তভোগীদের শরীরে সারাক্ষণ চুলকানি, লালচে দাগ, ঘা ও তীব্র জ্বালাপোড়া দেখা দিচ্ছে। কয়রার গোবরা গ্রামের বাসিন্দা আকলিমা খাতুনের পরিবারের প্রায় সবাই এ রোগে আক্রান্ত। আক্ষেপ করে তিনি বলেন, ‘বহু ডাক্তার দেখিয়েছি, অ্যান্টিবায়োটিক খেয়েও কোনো লাভ হচ্ছে না; খুব কষ্টে আছি।

সুন্দরবন উপকূলে জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা এবং নিরাপদ পানির সংকটে নারীদের মধ্যে চর্মরোগের ঝুঁকি বাড়ছে। বিভিন্ন গবেষণায় নারীদের দৈনন্দিন জীবনযাত্রা ও জীবিকার সঙ্গে এই স্বাস্থ্যসমস্যার সরাসরি সম্পর্ক পাওয়া গেছে।

২০২৪ সালের ৬ মার্চ প্রকাশিত এক গবেষণায় খুলনার মোংলা ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ২৬০ জন নারীর তথ্য বিশ্লেষণ করা হয়। এর মধ্যে মোংলার ১৪৩ জন এবং শ্যামনগরের ১১৭ জন নারী ছিলেন। এতে দেখা যায়, মোংলার ৬৯ দশমিক ৭ শতাংশ এবং শ্যামনগরের ৯২ দশমিক ৩১ শতাংশ নারী চর্মরোগ, ত্বকে জ্বালাপোড়া ও কালচে হয়ে যাওয়ার মতো সমস্যায় ভুগছেন। মোংলার ৫৮ দশমিক ৭ শতাংশ এবং শ্যামনগরের ৪১ দশমিক ৯ শতাংশ নারী মাছ ধরার পেশায় যুক্ত থাকায় দীর্ঘ সময় নদী ও খালের লবণাক্ত পানিতে কাজ করেন।

এ ছাড়া ২০২৬ সালের ১৬ এপ্রিল শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ৪০০টি পরিবারের ওপর পরিচালিত আরেকটি গবেষণায় বিষয়টি আরও স্পষ্ট হয়। সেখানে দেখা যায়, অনিরাপদ পানি ব্যবহার, পানির উৎস থেকে এক কিলোমিটারের বেশি দূরে বসবাস এবং লবণাক্ত পানিনির্ভর পেশার সঙ্গে চর্মরোগের গভীর যোগসূত্র রয়েছে। তবে গবেষকদের মতে, সব ধরনের চর্মরোগের জন্য কেবল লবণাক্ত পানিকেই নিশ্চিত কারণ হিসেবে দায়ী করা যায় না।

কয়রার নারীদের স্বাস্থ্যেও লবণাক্ত পানির প্রভাব : কয়রা উপজেলাকে কেন্দ্র করেও নারীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে গবেষণা হয়েছে। ২০২৪ সালে প্রকাশিত একটি গবেষণায় কয়রার ১৮ থেকে ৪৫ বছর বয়সী ১০১ জন নারীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার চিত্র বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, ৭২ দশমিক ৩ শতাংশ নারী মাসিকের সময় কাপড় ব্যবহার করেন এবং লবণাক্ত পানি দিয়ে ধুয়ে তা পুনরায় ব্যবহার করেন। গবেষকদের মতে, নিরাপদ মিঠাপানির তীব্র সংকট নারীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও প্রজনন স্বাস্থ্যের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

নারীদের ঝুঁকি বেশি হওয়ার কারণ : সুন্দরবন উপকূলের নারীরা দৈনন্দিন জীবনযাত্রার কারণে চর্মরোগের উচ্চ ঝুঁকিতে থাকেন। মিঠাপানির অভাবে রান্না, গোসল ও গৃহস্থালির কাজে তাদের লবণাক্ত পানি ব্যবহার করতে হয়। পাশাপাশি মাছ ধরা বা চিংড়ির পোনা সংগ্রহের জন্য অনেককে দীর্ঘ সময় কাদা ও লোনাপানিতে থাকতে হয়। সারাদিন পরিশ্রমে ঘাম জমে থাকা, দীর্ঘক্ষণ ভেজা কাপড় পরে থাকা এবং ত্বকের যত্ন নিতে না পারা এই সমস্যাকে আরও বাড়িয়ে তোলে।

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, ভেজা ও অপরিচ্ছন্ন পরিবেশে জীবাণুর সংস্পর্শে ত্বকের নানা সমস্যা দেখা দেয়। তবে একই ধরনের চুলকানি বা ক্ষতের পেছনে ছত্রাক, খোসপাঁচড়া বা অ্যালার্জির মতো ভিন্ন কারণ থাকতে পারে। তাই পরীক্ষা ছাড়া সব সমস্যাকে এক ধরনের রোগ বলা ঠিক নয়।

চর্মরোগ বাড়ছে, জানাল স্বাস্থ্য বিভাগ : কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম রাজীব জানান, সারাদিন নানা কাজে ব্যস্ত থাকায় উপজেলার নারীরা নিজের স্বাস্থ্যের প্রতি পর্যাপ্ত যত্ন নিতে পারেন না। অতিরিক্ত পরিশ্রমে শরীর ঘেমে থাকাও চর্মরোগের অন্যতম কারণ। তার পর্যবেক্ষণে এলাকায় চর্মরোগের প্রাদুর্ভাব বাড়ছে। তবে রোগটি বৃদ্ধির প্রকৃত কারণ, ধরন এবং নারী-পুরুষের আক্রান্তের হারের পার্থক্য নির্ণয়ে বিস্তারিত তথ্য ও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

চিকিৎসার পাশাপাশি প্রয়োজন নিরাপদ পানির নিশ্চয়তা: সুন্দরবন উপকূলে চর্মরোগের সমস্যাটি কেবল চিকিৎসাগত নয়, এর সঙ্গে নিরাপদ পানির সংকট, জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা এবং নারীদের জীবনযাত্রা ওতপ্রোতভাবে জড়িত। উপকূলীয় অনেক এলাকায় খাবার পানির জন্য মানুষকে দূরদূরান্তে ছুটতে হয়। কোথাও সারা বছরের জন্য বৃষ্টির পানি সংরক্ষণ করতে হয়, আবার কোথাও পুকুর বা অন্যান্য উৎসের ওপর নির্ভর করতে হয়, যা সব সময় নিরাপদ থাকে না। এ অবস্থায় পানীয় জলের পাশাপাশি গোসল, কাপড় ধোয়া ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্যও নিরাপদ মিঠাপানির ব্যবস্থা করা জরুরি। একই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত চিকিৎসাসেবা, চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ ও নারীদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা প্রয়োজন।

সুন্দরবনের পরিবেশ নিয়ে কাজ করা শুভ্র শচীন বলেন, সুন্দরবন উপকূলের নারীরা প্রতিদিন পরিবারের জন্য পানি সংগ্রহ করছেন, সংসারের কাজ করছেন, আবার জীবিকার প্রয়োজনে নদীতে নামছেন। কিন্তু তাদের নিজেদের স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ পানির নিশ্চয়তা কতটুকু রয়েছে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত