রাষ্ট্রপতি বললেন

পতিত ফ্যাসিবাদী শক্তি চোখ রাঙ্গাচ্ছে

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ এএম

দেশে গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হিংসা ও প্রতিশোধের বিপরীতে আইনের শাসনের পক্ষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থানের কথা স্মরণ করে তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি এখন নতুন করে চোখ রাঙাচ্ছে কিন্তু সবাই ঐক্যবদ্ধ থাকলে তা সফল হওয়ার সুযোগ নেই।

গতকাল মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি তাদের প্রতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা বিচার বিভাগের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারক সংকটের কারণে সৃষ্ট মামলাজট এবং আইনজীবীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও দাবি-দাওয়া রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। এ সময় রাষ্ট্রপতি বিষয়গুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন। আইনজীবী সমিতির নেতারা সমিতির আসন্ন বার্ষিক ভোজ অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানালে তিনি অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।  সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

ভিয়েতনামের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ : রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম দেশ রূপান্তরকে জানিয়েছেন, ঢাকায় নবনিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত চান থি সুয়ান ওয়ান গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।  এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশি পণ্য আরও বেশি আমদানি এবং বাংলাদেশে বিনিয়োগের জন্য ভিয়েতনামের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রদূত মিজ চান থি সুয়ান ওয়ান দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন এবং তার দেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি সুবিধাজনক সময়ে ভিয়েতনাম সফরে সম্মতি প্রকাশ করেন।

এ সময়ে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত