অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট

আইনি বিরোধের অবসান

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৩ এএম

হলিউডের তারকা জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের দীর্ঘদিনের আইনি বিরোধের অবসান হয়েছে। ফ্রান্সে তাদের মালিকানাধীন একটি ওয়াইনারি বা আঙুরের খামারকে কেন্দ্র করে চলা এই বিরোধের নিষ্পত্তিতে সম্মত হয়েছেন দুজন। ২০০৮ সালে তারা যৌথভাবে ফ্রান্সের ওই সম্পত্তি কিনেছিলেন। ছয় বছর পর সেখানেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

২০০৮ সালে কেনা ওই সম্পত্তির নাম শাতো মিরাভাল। বিচ্ছেদের পর সম্পত্তিটির মালিকানা ও অংশীদারত্ব নিয়ে তাদের মধ্যে বিরোধ শুরু হয়। ২০২১ সালে জোলি ওয়াইনারিতে নিজের অংশ বিক্রি করে দেন। এরপর ২০২২ সালে পিট তার বিরুদ্ধে মামলা করেন। পিটের অভিযোগ ছিল, তার সম্মতি ছাড়া জোলি সম্পত্তির অংশ বিক্রি করে তাদের মধ্যে থাকা চুক্তি ভঙ্গ করেছেন। অন্যদিকে জোলি পাল্টা মামলা করেন। তার দাবি ছিল, সম্পত্তির অংশ বিক্রির বিষয়ে পিটের সঙ্গে সমঝোতা হয়নি। এ নিয়ে আদালতে দুপক্ষের মধ্যে দীর্ঘ আইনি লড়াই চলে।

অবশেষে বুধবার দুই তারকার প্রতিনিধিরা যৌথ বিবৃতিতে জানান, পরিবারের স্বার্থ বিবেচনা করেই তারা আদালতের বাইরে সমঝোতায় পৌঁছেছেন। তবে সমঝোতার আর্থিক বা অন্যান্য শর্ত প্রকাশ করা হয়নি।

২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের মধ্য দিয়ে তাদের সম্পর্কের সূচনা। একসময় হলিউডের অন্যতম আলোচিত জুটি ছিলেন তারা। ২০১৬ সালে বিচ্ছেদের সিদ্ধান্ত, ২০২৪ সালের ডিসেম্বরে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত