ভোলা গ্যাসক্ষেত্রে কাজ পেতে চীন এবং রাশিয়ার দুই রাষ্ট্রীয় কোম্পানি লড়াই শুরু করেছে। জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা সম্ভব না হলেও রাশিয়া এবং চীনা কোম্পানির চাপে একের পর এক কূপ খনন করা হচ্ছে। বাপেক্স সূত্র বলছে, গ্যাস কূপগুলো খনন করার পর তা বন্ধ করে রাখা হচ্ছে। দীর্ঘদিন গ্যাস সরবরাহ না করে কূপগুলো ফেলে রাখা হলে পানি এসে কূপগুলো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা হচ্ছে।
ভোলার গ্যাস কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) করে আনতে বিগত আওয়ামী লীগ সরকার দেশীয় কোম্পানি ইন্ট্রাকো সিএনজিকে কাজ দেয়। প্রতিদিন ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সিএনজি করে এনে শিল্পে সরবরাহ করার কথা ছিল। ইন্ট্রাকো গড়ে আধা মিলিয়ন ঘনফুট গ্যাসও সিএনজি করে আনতে পারেনি।
ভোলায় এখন পর্যন্ত ১০টি গ্যাসকূপ খনন করা হয়েছে। এর মধ্যে ৯টি কূপে আগেই গ্যাস পাওয়া গেছে। সম্প্রতি নতুন আরও একটি কূপে গ্যাস পাওয়া গেছে। প্রতিটি কূপ থেকে দৈনিক ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব। সেই হিসাবে ভোলা থেকে এখনই পাওয়া সম্ভব ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস।
সুন্দরবন গ্যাস কোম্পানির মহাব্যবস্থাপক (অপারেশন) তৌহিদুর রহমান জানান, ভোলায় তাদের ২ হাজার ৩৯০টি গ্যাস সংযোগ রয়েছে। এখানে ২টি বিদ্যুৎকেন্দ্র রয়েছে। বিদ্যুৎকেন্দ্র ফুল লোডে চললে ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ প্রয়োজন হয়। এছাড়া শিল্প-আবাসিক মিলিয়ে আরও ৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ প্রয়োজন হয়। অর্থাৎ ভোলায় কোনো অবস্থায়ই ৭৫ মিলিয়ন ঘনফুটের বেশি চাহিদা নেই। তবে সব সময় বিদ্যুৎকেন্দ্র পূর্ণ মাত্রায় চলে না। সংগত কারণে গ্যাসের ব্যবহারও কম হয়।
বাপেক্স সূত্র বলছে, ভোলায় আগের খনন করা ৯টি কূপের মধ্যে ৬টি থেকে সীমিত পরিসরে গ্যাস উত্তোলন করা হয়। প্রসেস প্ল্যান্ট না থাকার কারণে তিনটি কূপ থেকে গ্যাস তোলা হয় না। এর সঙ্গে চলতি মাসে আরও একটি কূপে গ্যাস পাওয়া গেছে।
এখন পর্যন্ত ভোলায় খনন করা ১০ কূপের ১০টিতেই গ্যাস পাওয়া গেছে। আরও ১৮টি কূপ খনন করার পরিকল্পনা রয়েছে। বাপেক্স সূত্র বলছে, ভোলা এবং আশপাশে গ্যাসের বড় আধার রয়েছে। বাপেক্সের হিসাবে এখন পর্যন্ত উত্তোলনযোগ্য নিশ্চিত মজুদের পরিমাণ ১ দশমিক ৩ টিসিএফ। তবে বহুজাতিক কোম্পানির প্রতিবেদন বলছে এই মজুদের পরিমাণ বেড়ে ৮ টিসিএফ হতে পারে। যদিও কূপ খনন ছাড়া গ্যাসের মজুদ নিশ্চিত করে বলা সম্ভব নয়।
এই যখন ভোলার অবস্থা তখন সেখানে কাজ পাওয়া নিয়ে লড়াই শুরু করেছে রাশিয়ান কোম্পানি গ্যাজোভায়া প্রমিশলেনস্ত (গ্যাজপ্রম) এবং চীনের কোম্পানি চায়না পেট্রোলিয়াম অ্যান্ড কেমিক্যাল করপোরেশন (সিনোপেক)।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোলায় গ্যাজপ্রম একের পর এক কূপ খননের কাজ পায়। ওই সময় বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি করতে বিশেষ আইনে রাশিয়ান রাষ্ট্রীয় কোম্পানিকে গ্যাসকূপ খনন করার কাজ দেওয়া হয়। অভিযোগ ছিল, বিনা দরপত্রে কাজ দেওয়াতে প্রতিটি কূপ খনন করতে ভোলায় গ্যাজপ্রমকে দিতে হয়েছে ২১৬ কোটি টাকা।
সবশেষ ২০২১ সালে তিনটি গ্যাসকূপ খনন করার জন্য বাপেক্স গ্যাজপ্রমের সঙ্গে চুক্তি করে। ওই চুক্তির মূল্য ছিল ৬৪৮ কোটি ৩৯ লাখ ১১ হাজার ৮৫০ টাকা। গড়ে প্রতিটি কূপ খনন করতে ব্যয় হয় প্রায় ২১৬ কোটি ১৩ লাখ টাকা। ওই ৩ কূপ খনন করার পর আবার রাশিয়ান কোম্পানি ৫টি কূপ খনন করার প্রস্তাব দেয়। তখন প্রতিটি কূপ খনন করার জন্য বাপেক্স ৩১১ কোটি টাকার প্রকল্প প্রস্তাব তৈরি করে। তখন গ্যাজপ্রমের সঙ্গে চুক্তি হলে গ্যাজপ্রমকে প্রতিটি কূপ খনন করার জন্য ৩১১ কোটি টাকা করেই পরিশোধ করতে হতো।
কিন্তু বিগত অন্তর্বর্তী সরকার গ্যাজপ্রমের কার্যক্রম বাতিল করে ভোলায় গ্যাসকূপ খননে দরপত্র আহ্বান করে। চীনের কোম্পানি সিনোপেক পাঁচটি গ্যাসকূপ খননের জন্য ৯০৭ কোটি ২৮ লাখ টাকায় কাজ পায়। সেই হিসাবে প্রতিটি কূপের খননের জন্য ১৮১ কোটি ৪৬ লাখ টাকা ব্যয় ধরা হয়। সিনোপেক শাহবাজপুর-৫, শাহবাজপুর-৭, ভোলা নর্থ-৩, ভোলা নর্থ-৪ এবং শাহবাজপুর নর্থ ইস্ট-১ গ্যাসকূপ খনন করবে।
বাপেক্সের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী আব্দুর রউফ বলেন, সিনোপেক দরপত্রের মাধ্যমে ১৮১ কোটি টাকায় প্রতিটি কূপ খনন করার কাজ পেয়েছে। গ্যাজপ্রমের সঙ্গে সবশেষ ডিপিপি তৈরি করা হয়েছিল ৩১১ কোটি টাকায়। ওই সময় চুক্তি হলে ওই দামেই তাদের কাজ দিতে হতো।
এখন আবার ভোলায় কাজ পেতে জোর তৎপরতা শুরু করেছে রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রম। তারা ভোলায় জি-টু-জি ভিত্তিতে কাজ পাওয়ার চেষ্টা করছে। বাংলাদেশে রাশিয়ার দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জ্বালানি বিভাগে চিঠি পাঠিয়ে পারস্পরিক আলোচনার ভিত্তিতে রাশিয়ান কোম্পানিকে কাজ দেওয়ার জন্য দূতিয়ালি শুরু করেছে।
গত ১১ মে রাশিয়ার দূতাবাসের এ-সংক্রান্ত একটি চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রহণ করে। এরপর মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় গত ২ জুন পররাষ্ট্র মন্ত্রণালয় ওই চিঠির সূত্র ধরে জ্বালানি মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠায়। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিবের দপ্তর গত ৪ জুন ওই চিঠি গ্রহণ করে। জ্বালানি বিভাগের সূত্র জানায়, চলতি মাসের প্রথম দিকে রাশিয়ান কোম্পানি জ্বালানি বিভাগে এ-সংক্রান্ত একটি প্রেজেন্টেশন দেয়। গ্যাজপ্রমের প্রতিনিধিরা জ্বালানি বিভাগের শীর্ষ ব্যক্তিদের সঙ্গেও দেখা করেছে।
গ্যাজপ্রম এখন যে চিঠি দিয়েছে তাতে আওয়ামী লীগের শাসনামলে তাদের দেওয়া আরও কিছু প্রস্তাবের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভোলা ও হাতিয়া অঞ্চলে ১৯৩০ বর্গকিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ করা; ভোলা-বরিশাল গ্যাস পাইপলাইন নির্মাণ; ভোলায় একটি ক্ষুদ্রাকৃতির (মিনি) এলএনজি প্ল্যান্ট স্থাপন করা।
বিগত সরকারের সময়ও সরকারের ঘনিষ্ঠ একটি মহল গ্যাজপ্রমকে কাজ পাইয়ে দিতে সরকারের সঙ্গে দূতিয়ালি করে। এখনো একটি পক্ষ গ্যাজপ্রমের কাজের বিষয়ে নতুন সরকারের সঙ্গে একই কাজ করছে বলে অভিযোগ উঠেছে।
জানতে চাইলে জ্বালানি বিশেষজ্ঞ বিডি রহমত উল্লাহ বলেন, দীর্ঘদিন বিনা দরপত্রে অতিরিক্ত দামে কাজ দিয়ে একটি গ্রুপ বিশাল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে। এখন আর যেন কেউ বাঁকা পথে বেশি দামে কাজ না পায় সেদিকে নজর রাখতে হবে। রাষ্ট্র যেখানে সাশ্রয়ী দামে পাবে তাদেরই কাজ দেওয়া উচিত।