বাংলাদেশ পুলিশের ভেতরে রাজনৈতিক সংশ্লিষ্টতা, অতীত কর্মকাণ্ড এবং দায়িত্ব পালনে নিরপেক্ষতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক পট-পরিবর্তনের পরও বাহিনীর ভেতরে রাজনৈতিক যোগাযোগ, প্রভাব বিস্তার ও তথ্যের আদান-প্রদানের অভিযোগ থামছেই না। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ তথ্য বাইরে চলে যাওয়ার অভিযোগ সামনে আসায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন সরকারের নীতিনির্ধারকরা। বিশেষ করে যেসব কর্মকর্তার বিরুদ্ধে অতীতে রাজনৈতিক প্রভাব খাটানো, বিতর্কিত দায়িত্ব পালন কিংবা রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগ রয়েছে, তাদের কর্মকাণ্ড পর্যালোচনার বিষয়টি সামনে এসেছে।
ইতিমধ্যে এসব কর্মকা-ের দায়ে পুলিশের একাধিক কর্মকর্তাকে বরখাস্ত, ওএসডি ও আটক করা হয়েছে। নতুন করে সামনে এসেছে পুলিশকর্তাদের সর্বশেষ কর্মকা-। গত ১৪ নভেম্বর থেকে গতকাল পর্যন্ত চার পুলিশকর্তাকে আটকের পাশাপাশি আরও ৭২ কর্তার আমলনামা প্রস্তুত করা হয়েছে। তালিকাটি প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারের নীতিনির্ধারকদের ‘বিশেষ টেবিলে’ পাঠানো হয়েছে বলে পুলিশসূত্র জানিয়েছে।
সূত্রটি জানিয়েছে, তালিকাভুক্ত পুলিশকর্তাদের কর্মকা-ে নজরদারি করছে পুলিশ সদর দপ্তর। তাছাড়া পুলিশের সবকটি ইউনিটিও নজরদারি করছে। পুলিশের যেসব কর্মকর্তা ও অন্য সদস্য সামাজিক মাধ্যম ব্যবহার করছেন তা নজরদারির আওতায় আনা হয়েছে। মোবাইল ফোনে কার কার সঙ্গে এসএমএস করেছেন বা হোয়াটসঅ্যাপে চ্যাট করেছেন সে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব পুলিশ কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও ইনসপেক্টর রয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ : তারা রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা উসকে দিচ্ছেন। তবে অনেকে অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘পুলিশের সবাই রাজনীতি করে না। গুটি কয়েক পুলিশ রাজনীতি করছে। তারা অতীতে সুবিধা নিয়েছেন। সরকারের পরিবর্তনের পর তারাই আবার সব ধরনের সুবিধা নিচ্ছেন। অথচ রাজনৈতিক মাশুল গুনছেন অন্য পুলিশকর্তারা। যে সরকারই ক্ষমতায় আসে তারা ব্যবহার করছে পুলিশকে। পুলিশও “তোষামোদি” থেকে বের হতে পারছে না। গত সতেরো বছর একটানা আওয়ামী লীগ সরকার পুলিশকে ব্যবহার করেছে। দলটির মতের বাইরে থাকলেই তাদের বরখাস্ত, ওএসডি বা ডাম্পিং করা হতো। চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের পতন হওয়ার পর শীর্ষ পুলিশকর্তারা চলে যান অন্তরালে। আমরাও চাই যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের আইনের আওতায় আনতে হবে।’
সব তথ্যের পর্যালোচনা হচ্ছে : পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ‘পুলিশের ভেতরে তথ্যপাচার, দুর্নীতি, রাজনৈতিক প্রভাব কিংবা দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগের তদন্ত করতে গিয়ে এখন একদিকে তথ্যভা-ার যাচাই করতে হচ্ছে, অন্যদিকে নির্দোষ সদস্যদের অযথা হয়রানি না করার বিষয়টিও নিশ্চিত করা হচ্ছে। সদস্যের অতীত রেকর্ড যাচাইয়ের ক্ষেত্রে অভিযোগ, গোয়েন্দা তথ্য ও বিভাগীয় নথি পর্যালোচনা করা হচ্ছে। নজরদারিতে থাকা পুলিশসদস্যদের বিভিন্ন বার্তা আদান-প্রদানকারী এনক্রিপ্টেড অ্যাপ (হোয়াটসঅ্যাপ, সিগন্যাল, টেলিগ্রাম) ব্যবহার করে বাইরের স্বার্থান্বেষী গোষ্ঠী, পলাতক অপরাধী কিংবা নির্দিষ্ট কিছু রাজনৈতিক সুবিধাভোগীর কাছে বাহিনীর অভ্যন্তরীণ খবরাখবর পৌঁছে দেওয়া হচ্ছে বলে আমরা তথ্য পেয়েছি। তথ্যপাচারকারীদের ডিজিটাল ফুটপ্রিন্ট, কল ডিটেইল রেকর্ড (সিডিআর) ও গোপন যোগাযোগের বিষয়াদির ট্র্যাকিং শুরু হয়েছে। অপরাধ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শুধু বিভাগীয় ব্যবস্থাই নয়, দেশের প্রচলিত আইনে রাষ্ট্রদ্রোহিতা বা দণ্ডবিধির আওতায় অভিযোগ আনা হবে।’
সন্দেহভাজনরাই বেশি নজরদারিতে : দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সতর্ক রয়েছে সরকার। নতুন করে নাশকতা ও সহিংসতার আশঙ্কায় গোপালগঞ্জসহ বৃহত্তর ফরিদপুরের পুলিশ ও প্রশাসনের একাধিক কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। ইতিমধ্যে গোপালগঞ্জের সহিংসতায় সম্পৃক্ততার অভিযোগে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানসহ কয়েকজনকে গ্র্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে ডিবি পুলিশের একটি দল ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে আবুল হাসানকে আটক করে। হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুরে। তিনি চব্বিশের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরে তাকে এসআরবিতে বদলি করা হয়। এ ঘটনার আলোকেই সন্দেহভাজন পুলিশসদস্যদের কর্মকাণ্ড ও গতিবিধির ওপর নজরদারি করছে পুলিশ সদর দপ্তর।
গতকাল পুলিশ সদরদপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেছেন, ‘ডিসেম্বর ঘিরে নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে সীমান্তে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। “নিষিদ্ধ” সংগঠনকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। থানা ও পুলিশসদস্যদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।” তিনি বলেন, ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
আমলনামা নীতিনির্ধারকদের টেবিলে : প্রশাসনিক ও গোয়েন্দা সূত্রগুলোর তথ্যমতে, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কর্মরত ৭২ পুলিশকর্তার বিগত দিনের কর্মকাণ্ড, সম্পদের বিবরণ এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে একাধিক গোয়েন্দা সংস্থা পৃথকভাবে তদন্ত করছে। বিশেষ করে যেসব কর্মকর্তা মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে অতিরিক্ত বলপ্রয়োগ, ক্ষমতার অপব্যবহার কিংবা অস্থিরতা সৃষ্টিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইন্ধন জুগিয়েছেন বলে অভিযোগ রয়েছে, তাদের ‘আমলনামা’ সরকারের নীতিনির্ধারকদের কাছে জমা দেওয়া হয়েছে।
বাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধার ও চেইন অব কমান্ড ফিরিয়ে আনতেই এ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল করার পেছনে একাধিক পুলিশ কর্মকর্তার ইন্ধন থাকার তথ্য পেয়েছি। তাদের একটি তালিকা করে আমলনামা যাচাই করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের নীতিনির্ধারকরা তাদের তথ্যগুলো যাচাই করছে বলে আমরা জেনেছি। তাদের বিষয়ে নেগেটিভ সিগন্যাল এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তির দায় পুলিশ সদর দপ্তর নেবে না।’
অনেকের মোবাইল ফরেনসিক ল্যাবে : ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, পুলিশের নিজস্ব সাইবার ইউনিটসহ আরও কয়েকটি সংস্থার সহায়তায় সন্দেহভাজন কর্মকর্তাদের যোগাযোগের ধরন পর্যবেক্ষণ করা হচ্ছে। কারও কারও মোবাইল সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘অনেকে গোপনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। কেউ আবার দেশের বাইরে থাকা নেতা ও চাকরিচ্যুত পুলিশ কর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন।’ পুলিশ আইন অনুযায়ী কোনো পুলিশ কর্মকর্তা যদি তার দায়িত্ব পালনে অবহেলা করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করেন বা শৃঙ্খলাভঙ্গ করেন, তবে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। পুলিশ আইনের ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে সরকার কোনো সরকারি কর্মচারীকে চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলেই কারণ দর্শানো ছাড়াই বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।
সহিংসতা বাড়ায় চাপে পুলিশ : পুলিশসূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সারা দেশে সহিংসতা চালাচ্ছে। যানবাহনে আগুন দিচ্ছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল বের করছে। গোপালগঞ্জে ব্যাপক তা-ব চালানো হয়েছে। কোথাও কোথাও আওয়ামী লীগবিরোধীরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন। এতে সংঘর্ষ বাধছে। জনমনে উদ্বেগও তৈরি হয়েছে। এসব কারণে নতুন করে চাপে পড়েছে পুলিশ। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর মাঠপর্যায়ে দলটির তৎপরতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এসব ঘটনার পর রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার, ইউনিটপ্রধান ও সব থানার ওসিদের সতর্ক করে কঠোর হওয়ার নির্দেশনা জারি করা হয়েছে। তাছাড়া পুলিশ সদর দপ্তরে বৈঠক করছেন ঊর্ধ্বতনরা।
সার্জেন্ট বরখাস্ত : নির্দেশ অমান্য করার অভিযোগে চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট মুজাহিদুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন তিনি। তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখার অভিযোগ উঠেছে। তার ব্যবহৃত মুঠোফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গত ১৮ নভেম্বর রাতে নগরের ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং মোড়ে একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় সার্জেন্ট মুজাহিদুল ইসলামকে বাদী হতে বলা হলে তিনি রাজি হননি। এ ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্যের অভিযোগ ওঠে। গত ২২ নভেম্বর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার নজরদারিতে সন্দেহভাজনরা : রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন পুলিশ সদস্যদের ওপর নজরদারি জোরদার করেছে পুলিশ সদর দপ্তর। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুন মুনিরা দেশ রূপান্তরকে বলেন, ডিসেম্বর ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। তাদের ঘোষিত কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
কামারুন মুনিরা জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন পুলিশ সদস্যদের গতিবিধিও পর্যবেক্ষণ করা হচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে গ্রেপ্তার হওয়া কর্মকর্তারা হলেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মো. আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান ও আবুল হাসান।
আটক চার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ও গ্রেপ্তারের বিবরণ : চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গত ১৪ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং পুলিশের অভ্যন্তরীণ গোপন তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গত ২৪ নভেম্বর গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। পরে পল্টন থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
২৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ কর্মরত ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই)। গত বুধবার ডিবি পুলিশ তাকে গাজীপুর থেকে আটক করে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারের রিকুইজিশন ছিল।
এ ছাড়া ৩৩তম বিসিএসের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসানকে গত বুধবার নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আটক করে ডিবি। পরে একটি নিয়মিত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।