ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্রের নাগালে ইউরোপ : ট্রাম্প

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ এএম

ইরানের কাছে ইউরোপে আঘাত হানার মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা না হলে সেখানে ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞ’ ঘটে যেতে পারে।

যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের সঙ্গে থ্যাংকসগিভিং উপলক্ষে এক আলাপচারিতায় এ মন্তব্য করেন তিনি। ফ্লোরিডার পাম বিচে নিজের মার-এ-লাগো রিসোর্ট থেকে বৃহস্পতিবার সেনাদের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। এ সময় সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়। এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘ইরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা শুধু পশ্চিম এশিয়াতেই সীমাবদ্ধ নয়, ইউরোপের জন্যও তা বিপদ ডেকে আনতে পারে। তাদের (ইরানের) ইউরোপে পৌঁছানোর সক্ষমতা রয়েছে। আমাদের (যুক্তরাষ্ট্র) পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা না থাকলেও ইউরোপে আঘাত হানার সক্ষমতা তাদের আছে।’

পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠিত না হলে কী ভয়াবহ পরিণতি হতে পারে এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘ইরান ইসরায়েল ও পশ্চিম এশিয়ার অন্যান্য দেশের দিকে পারমাণবিক অস্ত্র ছুড়বে এবং এর পরিণতি হবে পারমাণবিক মহাপ্রলয়।’

যদিও ইরানের কাছে এখনো কোনো পারমাণবিক অস্ত্র থাকার প্রমাণ পাওয়া যায়নি। ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে সই করা একটি রাষ্ট্র।

ইরানের বিরুদ্ধে চলতে থাকা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ট্রাম্পের এ মন্তব্য সামনে এলো। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা থমকে রয়েছে। অন্যদিকে পশ্চিম এশিয়ায় উত্তেজনা এখনো চলছে।

‘বিজয় সন্নিকটে, ইরানের সামরিক শক্তি দুর্বল’

সেনাদের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন কি না। জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, কথা হয়েছে।’ তবে ইসরায়েলের পরবর্তী নেতৃত্বের সঙ্গে কীভাবে কাজ করবেন? এমন প্রশ্ন করা হলে ট্রাম্প ইরানের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ইরানের সামরিক শক্তি ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং দেশটিকে এখনো চুক্তিতে পৌঁছানোর সুযোগ দেওয়া হচ্ছে। ইসরায়েলের নেতৃত্বে পরিবর্তন নিয়ে করা প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি।

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘বিজয় সন্নিকটে’ বলে দাবি করেন ট্রাম্প। তবে যুদ্ধের অবসান ঘটাতে তেহরানকে এখনো চুক্তিতে পৌঁছানোর সুযোগ দিচ্ছে তার প্রশাসন। তিনি বলেন, ‘আমরা তাদের বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়ার চেষ্টা করছি।’ তিনি দাবি করেন, ইরানের বিমানবাহিনী, নৌবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার শিকার পারমাণবিক স্থাপনাগুলোতে তেহরান আবার কাজ শুরু করতে পারেনি বলেও দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমরা অবশ্যই পিক্যাক্স মাউন্টেনে হামলা চালাব, তবে সেখানে বাস্তব কোনো তৎপরতা আমরা দেখতে পাইনি।’ যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে পিক্যাক্স মাউন্টেনকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলে জানান তিনি। তবে নতুন করে হামলা চালানোর কোনো সিদ্ধান্ত ঘোষণা করেননি ট্রাম্প।

‘মধ্যপ্রাচ্যে শান্তি চায় যুক্তরাষ্ট্র’

এর আগে এক মার্কিন বিমানবাহিনীর সদস্য ট্রাম্পের কাছে জানতে চান, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক তিনি কীভাবে দেখছেন? জবাবে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের তেলের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা নেই। তবে ইসরায়েল এবং ওই অঞ্চলের অন্যান্য দেশকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সেখানে অবস্থান করছে। তিনি বলেন, ‘আমাদের যা প্রয়োজন, তা হলো মধ্যপ্রাচ্যে শান্তি।’

ট্রাম্পের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করলে ইসরায়েলসহ ওই অঞ্চলের অন্যান্য দেশের বিরুদ্ধে তা ব্যবহার করবে। তিনি বলেন, ‘এ কারণেই আমরা তাদের পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না।’ তিনি ইরানের নেতাদের ‘পাগল’ আখ্যা দিয়ে বলেন, ‘ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করত, তাহলে যুক্তরাষ্ট্রের শহরগুলোও তাদের নিশানা হতে পারত। আমি ওদের চিনি। সত্যি বলতে, ওরা পাগল। ওরা পাগল। সে কারণেই আমরা তাদের হাতে পারমাণবিক অস্ত্র তুলে নিতে দেব না।’

ট্রাম্পের বক্তব্য, যুক্তরাষ্ট্রের শক্তি এবং কৌশলগত অবস্থানের কারণে ইরানের কাছ থেকে কোনো ধরনের বিপদ বাস্তবে রূপ নিতে পারেনি। ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের প্রতিরক্ষার জন্য পর্যাপ্ত সক্ষমতা অর্জন না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের উচিত তাদের সমর্থন জুগিয়ে যাওয়া।

ট্রাম্প আরও বলেন, সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় ইরান প্রসঙ্গেও কথা হয়েছে তার। সাংবাদিকদের তিনি বলেন, ‘তারা দুজনই ইরানের সঙ্গে চুক্তি দেখতে চান এবং আমার মনে হয়, এ ক্ষেত্রে তারা আমাকে সাহায্য করছেন।’ ইরানের কাছে রাশিয়া বা চীন গোয়েন্দা তথ্য সরবরাহ করছে কি না, তা নিয়ে অবশ্য গুরুত্ব কমিয়ে দেখান ট্রাম্প।

সর্বশেষ সর্বাধিক পঠিত