হাম কমছে না কেন কেউ জানে না

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ এএম

হাম প্রতিরোধযোগ্য একটি রোগ। অথচ দেশে আট মাসের বেশি সময়েও নিয়ন্ত্রণে আসেনি। প্রতিদিনই কেউ না কেউ প্রাণ হারাচ্ছে। ইতিমধ্যে সাড়ে ১৩শর বেশি শিশু প্রাণ হারিয়েছে। এতদিনেও নিয়ন্ত্রণে না আসায় অনেকেরই প্রশ্ন কবে কমবে হামের প্রাদুর্ভাব। কেনইবা নিয়ন্ত্রণে আসছে না। এখন পর্যন্ত পাওয়া যায়নি এসবের নির্দিষ্ট কোনো উত্তর। কেউ জানে না কবে নিয়ন্ত্রণে আসবে হাম।

প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন শিশুর নাম। যদিও এসব খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। নভেম্বরের মধ্যে শতভাগ না পারলেও কাছাকাছি একটি প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। মাঝে ইনস্টিটিউটে কিছু জটিলতা ও দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার কারণে আইইডিসিআরের এ কার্যক্রমে কিছুটা প্রতিবন্ধতকা দেখা দেয়।

সংশ্লিষ্টদের ধারণা, হাম নিয়ে স্টাডি শুরু করতে কিছুটা দেরি করে ফেলেছে আইডিসিআর। শুরুতে ধারণা ছিল, শিশুদের দ্রুত টিকা দিতে পারলে নিয়ন্ত্রণে চলে আসবে। অল্প সময়ের মধ্যে দুই কোটির মতো শিশুকে টিকা দেওয়া হলেও হাম নিয়ন্ত্রণে আসেনি। তারপর এটা নিয়ে স্টাডি শুরু করে।

দেশে গত বছরের ডিসেম্বরে প্রথম হামের প্রকোপ ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি সবার নজরে আসে চলতি বছরের শুরুতে বিএনপি সরকার ক্ষমতাগ্রহণের কয়েক দিনের মাথায়। মার্চের মাঝামাঝি থেকে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে শুরু করে। এ প্রাদুর্ভাব দেশের টিকাদান ও জনস্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাও সামনে নিয়ে আসে। এরপর সরকার সক্রিয় হয়ে দুই কোটির বেশি শিশুকে হামের টিকার আওতায় নিয়ে আসে। কিন্তু তাতেও নিয়ন্ত্রণে আসেনি।

স্বাস্থ্য অধিদপ্তর ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও প্রাণহানির তথ্য সংগ্রহ শুরু করে। ২ এপ্রিল থেকে নিয়মিত তা সংবাদমাধ্যমকে জানানো হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত সর্বশেষ হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৭৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৭২ জন। আর হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৬ জন। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৬৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ২৩১, চট্টগ্রামে ১৩০, ময়মনসিংহে ৯৭, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭১, খুলনায় ৬৪ এবং রংপুর বিভাগে ২০ জন মারা গেছেন। সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর হামের উপসর্গ দেখা গেছে ২ লাখ ৬২ হাজার ৮০৮ জনের মধ্যে। তাদের মধ্যে ২৬ হাজার ৫৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা হয় না। এ কারণে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা জানা কঠিন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, এবার এই হাম আমাদের ঘাম ঝরিয়ে দিয়েছে। স্বাস্থ্যের উন্নয়নে র্দীর্ঘমেয়াদি যে কাজগুলো করা দরকার হামের কারণে, সেই কাজগুলোতেও অনেকটা প্রতিবন্ধকতা তৈরি হয়। এখনো বোঝা যাচ্ছে না, কবে নাগাদ হাম নিয়ন্ত্রণে আসবে। কবে হামের প্রাদুর্ভাব বা হামে শিশুমৃত্যু কমে আসবে।

বাংলাদেশ মেডিকেল বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম খান বলেন, এতদিনে কেন হাম নিয়ন্ত্রণে আসবে না। হামে কেন শিশু মারা যাবে? একটি প্রতিরোধযোগ্য রোগ। অথচ তাতে প্রতিদিনই শিশুদের মৃত্যু হচ্ছে। এখানে আমাদের চিকিৎসার দুর্বলতা প্রকাশ পায়। হাম থেকে নিউমোনিয়া হয়ে শিশু মারা যায়। নিউমোনিয়ার চিকিৎসা কি দেশে নেই? আছে। তাহলে কেন মারা যাবে? তাহলে কেন আমরা মৃত্যু ঠেকাতে পারছি না?

তিনি বলেন, আমি একটি বিষয় বারবার বলে আসছি। কিন্তু সেই বিষয়ে কেউ গুরুত্ব দিচ্ছে না। হাম প্রতিরোধ করতে হবে। সেটি করাতে পারলে আমার মনে হয়, আগামীতে শিশুরা ঝুঁকিমুক্ত থাকত। সন্তান নেওয়ার আগে মায়েদের হামের টিকা দিয়ে দেওয়া। অনেক মা আছেন, যারা ছোটবেলা টিকা নেননি। তার প্রতিরোধ ক্ষমতা নেই। সেই জন্য সেই মায়েদের টিকা দিয়ে দেওয়া। এটা করতে পারলে তার গর্ভের সন্তান ইমিউনিটি নিয়ে জন্মাবে। তখন তার ঝুঁকি অনেক কমে যাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ফোয়ারা তাসমিম বলেন, হাম নিয়ন্ত্রণে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করা যায়, নিয়ন্ত্রণে চলে আসবে। তবে এখনো কেন আসেনি সেটিও আমাদের ভাবাচ্ছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আইইডিসিআর পরিচালক ডা. কাজী আহমেদ জাকী বলেন, হাম নিয়ে গবেষণা চলমান আছে। কোথায় গ্যাপ আছে, কারা মারা যাচ্ছে, কী কারণে মারা যাচ্ছে, ডেমোগ্রাফিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। টিকায় কত শতাংশ কাভার হচ্ছে, তা বোঝার জন্য আমাদের কিছু ল্যাবরেটরি টেস্টিং হচ্ছে। এটা হলে আমরা জানতে পারব টিকায় কতটুকু কাজ করল।

কতদিন সময় লাগতে পারে এ বিষয়ে তিনি বলেন, মাঝে আমাদের প্রতিষ্ঠানে কিছু ঝামেলা গেল, দেশেও ঝামেলা গেল। আমাদের ফিল্ডে টিম পাঠাতে হয়, চলছে। নভেম্বরের মধ্যে পুরোপুরি না পারলেও ধারের কাছে পৌঁছানোর মতো একটা প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবেন তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত বলেন, হাম অতিসংক্রমণী। সে জন্য নিয়ন্ত্রণে আসতে একটু সময় লাগে। আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা এই সরকারের দুর্বলতায় হয়নি। আগের সরকারগুলো সময় টিকা কাভারেজ হয়নি, সে জন্য এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা তড়িঘড়ি করে টিকা সংগ্রহ করে কার্যক্রম শুরু করি। এক মাসের মধ্যে দুই কোটি শিশুকে টিকার আওতায় নিয়ে আসি।

 ২৪ ঘণ্টায় হামে আরও সাত শিশুমৃত্যু: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে এবং খুলনা বিভাগে একজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ২৭৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৭৮ জনের শরীরে হাম শনা ক্ত হয়েছে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত