শিশু-কিশোরদের সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না, সে সম্পর্কে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শুক্রবার রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে খোঁজখবর নেন তিনি। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এসব তথ্য জানান।
বরাবরের মতো গতকাল শুক্রবার জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। এরপর শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজ-খবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা তৈরিতে উৎসাহ দিতে ব্যতিক্রমী সময় কাটান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় প্রধানমন্ত্রী তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেওয়ার পাশাপাশি সবাই মিলে খেলাধুলা করছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেন।
সুজন মাহমুদ বলেন, নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী। এ সময় তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন। শিশুদের সঙ্গে কথা বলার একপর্যায়ে সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না, কেউ বাদ পড়ছে কি না, তা জানতে চান তিনি। পাশাপাশি নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একজনের খেলার সামগ্রী অন্যরাও যেন ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশুদের উৎসাহিত করেন।
এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং নিজেদের আনন্দ ও সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী।
এর আগে গত শুক্রবার প্রধানমন্ত্রী তার জন্মদিনে শিশু-কিশোরদের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করেন।
সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ থাকবেন প্রধানমন্ত্রী : আগামী ১ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত মহাসমাবেশ করবে বিএনপি। এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শুক্রবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক যৌথসভা শেষে এসব তথ্য জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
এর আগে গত বৃহস্পতিবার মহাসমাবেশের তারিখ ঘোষণা করা হলেও গতকাল স্থানের ঘোষণা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, বিএনপির মাসব্যাপী যৌথসভার উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবেই এই মহাসমাবেশ হবে। এতে সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করবেন জাসাসসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, ‘১ ডিসেম্বর দুপুর ২টা থেকে মহাসমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা ঠেকাতে মহাসমাবেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।
যৌথসভায় শীর্ষ নেতাদের মধ্যে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আমান উল্লাহ আমান ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত যৌথসভায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ঢাকার আশপাশের জেলার শীর্ষ নেতারা।