আবারও বাড়ল সোনার দাম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ এএম

মূল্য কমানোর পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। বৃহস্পতিবার  এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে বাজুস। ঘোষিত এই মূল্য গতকাল শুক্রবার থেকে কার্যকর হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। এ পরিস্থিতিতে সামগ্রিক বাজার পর্যালোচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট  সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা। অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণালংকার তৈরির ক্ষেত্রে নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি যুক্ত হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে বা অতিরিক্ত ভ্যাট আদায়ের সুযোগ নেই।

প্রসঙ্গত আন্তর্জাতিক বাজারে চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ ৫ হাজার ৫৯৫ ডলারে উঠেছিল। তবে এরপর থেকে তা কমতে শুরু করে। বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৫১৯ ডলারে নেমে এসেছে, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।

সর্বশেষ সর্বাধিক পঠিত