মিরপুরে দুই বাসে আগুন, মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৭:০২ এএম

রাজধানীর মিরপুরে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে মিরপুর-১৪ নম্বরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। এর আগে সন্ধ্যায় মিরপুর-১০ নম্বর এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় চালক এবং হেলফারকে পুলিশ হেফাজাতে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাত ১১টার দিকে মিরপুর-১৪ নম্বরে একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।

সন্ধ্যায় ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, মিরপুর-১০ গোলচত্বর থেকে মিরপুর ১-এর দিকে যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন লাগে। রাত ৭টা ৩৮ মিনিটে খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের সদস্যরা আগুন নির্বাপণ করেন।

মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জাহিদুল ইসলাম বলেন, চলন্ত বাসে কেউ যদি গান পাউডার মেরে চলে যায়, তাহলে তারও তো জীবনের রিস্ক আছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বাসটির চালক ও হেলপার পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

এদিকে রাত ১২টার দিকে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত