শিক্ষকতায় থাকতে চান না মেধাবীরা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ এএম

শিক্ষকতা একসময় মেধাবীদের কাছে ছিল সম্মানজনক ও আকর্ষণীয় পেশা। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনেকেই শিক্ষকতাকে বেছে নিতেন। সে পেশায় এখন আগ্রহ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতার পরিবেশ, আর্থিক সুবিধা, পদোন্নতি ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ বাড়ছে। কেউ চাকরিতে যোগ দিয়েই হতাশ হচ্ছেন, কেউ অন্য চাকরির সুযোগ খুঁজছেন, আবার কেউ চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন।

সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু চাকরিতে যোগ দেওয়ার পর তাদের অনেকের মধ্যেই হতাশা ও আক্ষেপ তৈরি হয়েছে। নিয়োগপত্র পেয়েও ৯১৮ জন প্রার্থীর চাকরিতে যোগ না দেওয়ার ঘটনাও নতুন করে প্রশ্ন তুলেছে শিক্ষকতার আকর্ষণ ও কর্মপরিবেশ নিয়ে। অন্যদিকে, যারা যোগ দিয়েছেন, তাদের কেউ কেউ বিকল্প চাকরির সুযোগ খুঁজছেন। ভালো সুযোগ পেলে শিক্ষকতা ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন।

একইভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চাকরি ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছেন; কেউ-বা উচ্চ শিক্ষা ছুটিতে বিদেশে গিয়ে উন্নত জীবনের আশায় আর দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। বিসিএসের মতো উচ্চ আশার চাকরিতে প্রজ্ঞাপনের পরও শিক্ষা ক্যাডারে যোগ না দেওয়ার ঘটনাও ঘটছে মাঝেমধ্যে। আবার শিক্ষা ক্যাডার ছেড়ে অন্য ক্যাডারে যাওয়ার ঘটনা ঘটছে প্রায়ই।

বিশ্ববিদ্যালয়েও স্বস্তিতে নেই শিক্ষকরা : তুলনামূলকভাবে বেশি বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পরিবেশ নিয়ে প্রশ্ন উঠছে। শিক্ষক রাজনীতি, প্রশাসনিক চাপ, পদ-পদবি নিয়ে দ্বন্দ্ব এবং শিক্ষার্থীদের একাংশের আচরণে অনেক শিক্ষক মনস্তাত্ত্বিক চাপে রয়েছেন। কেউ কেউ বিকল্প কর্মক্ষেত্র খুঁজছেন, আবার অনেকে উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে দেশে ফিরতে অনাগ্রহী হচ্ছেন বলে সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে।

শিক্ষকদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় ও মতাদর্শ অনেক সময় যোগ্যতার চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। বিভিন্ন অজুহাতে শিক্ষকদের হয়রানি করা হচ্ছে। অন্যদিকে, শিক্ষার্থীদের একাংশের হাতে মতাদর্শগত কারণে হেনস্তা, অপমান ও মবের শিকার হওয়ার ঘটনাও ঘটছে। তা ছাড়া আমলাদের তুলনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুযোগ-সুবিধা খুবই সামান্য। এ নিয়ে শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

গত ৫ অক্টোবর প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে রাজনৈতিক তৎপরতার অভিযোগ তদন্ত করা হচ্ছে। একই প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকদের হেনস্তার ঘটনাও উঠে এসেছে।

এমন পরিস্থিতিতে পিএইচডি ও এমফিল করতে বিদেশে যাওয়া এবং উচ্চশিক্ষার ছুটিতে থাকা শিক্ষকদের দেশে ফেরার আগ্রহ নিয়েও প্রশ্ন উঠছে। একাধিক শিক্ষকের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের বর্তমান কর্মপরিবেশ তাদের জন্য স্বস্তিদায়ক নয়। প্রশাসনিক ও রাজনৈতিক চাপের পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্কের অবনতি শিক্ষকতার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে।

শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পরও নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদান না করায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ১৬ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গত ২৮ জুন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামানের স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক চাকরিচ্যুত এক শিক্ষক দেশ রূপান্তরকে বলেন, ‘আমি অস্ট্রেলিয়ায় পিএইচডি শেষ করে একটা উচ্চ বেতনের চাকরি পেয়েছি, যা আমার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার বেতনের চেয়ে ৩ গুণ বেশি। তা ছাড়া এখানে শিক্ষক রাজনীতির বলি হতে হয় না। পদোন্নতি পেতে প্রশাসনের কাছে ধরনা দিতে হয় না। এখানে আমার সন্তানরা ভালো স্কুলে কলেজে পড়তে পারবে। এসব দেখে আমি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিই। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সমস্ত পাওনা পরিশোধ করেছি।

শুধু এই শিক্ষকই নয়, ইউজিসির ২০২১-২২ সালের বার্ষিক প্রতিবেদনের তথ্য মোতাবেক, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৬৮৫ জন শিক্ষক উচ্চতর শিক্ষা বা গবেষণার জন্য শিক্ষাছুটিতে ছিলেন। তাদের মধ্যে ২৭০ জন বা প্রায় ১৬ শতাংশ আর দেশে ফিরে আসেননি।

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী শিক্ষাছুটির মেয়াদ শেষ হয়েও গেলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৪ জন শিক্ষক দেশে ফেরেননি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৩ জন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৪ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৮ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষক দেশে ফেরেননি। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬৮ জন শিক্ষক দেশে ফেরেননি বলে জানা গেছে। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়েও শিক্ষাছুটি শেষে না ফেরার ঘটনা ঘটছে প্রতিনিয়ত।

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর দেশ রূপান্তরকে বলেন, আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় ভেদে উচ্চ শিক্ষায় মাস্টার্স, এমফিল ও পিএইচডির জন্য নির্দিষ্ট মেয়াদে শিক্ষা ছুটি দেওয়া হয়। মেয়াদ শেষে কেউ যদি সনদ অর্জন না করতে পারেন কিংবা দেশে না ফেরেন তাহলে তাকে তিনবার কারণ দর্শানোর নোটিস দেয় বিশ্ববিদ্যালয়, তাকে কর্মস্থলে যোগদানের নোটিস দেওয়া হয়। এরপর তাকে বিশ্ববিদ্যালয় থেকে গ্রহণকৃত টাকা ফেরত দিয়ে চাকরিতে যোগদান করতে হয় কিংবা চাকরি ছাড়তে আবেদন করতে হয়। টাকা ফেরত না দিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে।

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বছরের পর বছর একই পদে চাকরি করতে হয়। নির্দিষ্ট যোগ্যতা ও অভিজ্ঞতা অর্জনের পরও পদোন্নতির জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে অনেককে। ফলে শিক্ষা ক্যাডার ছেড়ে অন্য ক্যাডারে যাচ্ছেন অনেকেই। কেউ কেউ পাড়ি জমাচ্ছেন বিদেশে। তারা অভিযোগ করেন, একই সময়ে চাকরিতে যোগ দিয়েও অন্যন্য ক্যাডারের কর্মকর্তাদের তুলনায় তাদের পদোন্নতির সুযোগ সীমিত। অন্যদের তুলনায় তাদের বেতনের বাইরে সুযোগ-সুবিধা সীমিত। অন্যান্য কয়েকটি ক্যাডারে পর্যাপ্ত পদ না থাকলেও সংখ্যাতিরিক্ত (সুপারনিউমারারি) পদ সৃষ্টি করে পদোন্নতির ব্যবস্থা করা হয়। কিন্তু শিক্ষা ক্যাডারের ক্ষেত্রে এ ধরনের পদ সৃষ্টির উদ্যোগ নেই।

২০২৬ সালে শিক্ষা ক্যাডার ছেড়ে অন্য ক্যাডারে যোগ দিয়েছেন ১৪ জন, ২০২৫ সালে ৬ জন শিক্ষা ক্যাডার ছাড়েন ও ২০২৪ সালে ১৫ জন। ২০২৩ সালের ১৫ মার্চ বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, শিক্ষা ক্যাডারে সুযোগ পেয়েও ৯৫ জন যোগ দেননি। এ ছাড়া গত কয়েক বছরে শিক্ষা ক্যাডার ছেড়ে অন্য ক্যাডারে যোগ দিয়েছেন শতাধিক ব্যক্তি।

প্রাথমিকে মেধাবীদের হতাশা : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেওয়া আজিজার রহমান দেশ রূপান্তরকে বলেন, শিক্ষকতার কাজটি তিনি উপভোগ করেন। শিশুদের পড়া ও লেখা শেখানো এবং প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের মৌলিক যোগ্যতা অর্জনে সহায়তা করার মধ্যে তিনি আনন্দ খুঁজে পান। কিন্তু বিদ্যালয়ের অবকাঠামো, সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ তাকে হতাশ করছে।

তিনি বলেন, ‘আমার স্কুলে পর্যাপ্ত ক্লাসরুম ও বেঞ্চ নেই। বারান্দায় ভাঙাচোরা বেঞ্চেও পড়াতে হয়। সাপোর্ট স্টাফ, দপ্তরি, ক্লিনার কিছুই নেই। এরপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করি শিশুদের প্রান্তিক যোগ্যতাগুলো অর্জন করানোর। অত্যন্ত যত্ন করে তাদের পড়া ও লেখা শেখাচ্ছি। এর মধ্যে অসম্ভব আনন্দ আছে। আমি শুধু ক্লাসরুমের অংশটুকু উপভোগ করছি। এর বাইরে পারিপার্শ্বিক নানা সমস্যার কারণে ভালো জায়গায় সুযোগ পেলে, এমনকি একই গ্রেডের চাকরি হলেও চলে যাব।’

তার অভিযোগ, শিক্ষকতার পেশায় দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়ার সুযোগও সীমিত। নতুন বেতনকাঠামো অনুযায়ী ১৩তম গ্রেডে যোগ দেওয়া একজন সহকারী শিক্ষকের মূল বেতন ২৪ হাজার টাকা। তার ভাষ্য অনুযায়ী, আট বছর পর উচ্চতর গ্রেডে গেলে ১২তম গ্রেডে মূল বেতন হবে ২৪ হাজার ৩০০ টাকা। অর্থাৎ আট বছরে মূল বেতন বাড়বে মাত্র ৩০০ টাকা। পরবর্তী উচ্চতর গ্রেডে ১১তম গ্রেডে মূল বেতন ২৫ হাজার টাকা হলে আগের গ্রেডের তুলনায় বৃদ্ধি হবে ৭০০ টাকা।

এমন বেতন কাঠামোকে হতাশাজনক মনে করছেন নতুন শিক্ষকরা। তাদের প্রশ্ন, দীর্ঘ সময় চাকরি করেও যদি আর্থিক উন্নতি ও পদোন্নতির সুযোগ সীমিত থাকে, তাহলে মেধাবীদের এ পেশায় ধরে রাখা কঠিন হবে। অথচ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬তম গ্রেডের একজন কর্মচারী আপগ্রেডেশন পেয়ে পাঁচ বছরের মধ্যে দশম গ্রেডে যেতে পারেন। অন্যান্য সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরাও ৫-১০ বছর চাকরি জীবন পার করে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নাগরিক হতে পারেন। কিন্তু শিক্ষকরা থেকে যান তৃতীয় শ্রেণির কর্মচারী।

৯১৮ জনের যোগদান না করা : শিক্ষকতায় অনাগ্রহের একটি ইঙ্গিত পাওয়া গেছে সর্বশেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগেও। নিয়োগপত্র পেয়েও নির্ধারিত সময়ে চাকরিতে যোগ দেননি ৯১৮ জন প্রার্থী। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৩ হাজার ৭৪৮ জন নিয়োগপত্র পেলেও ১ অক্টোবর নির্ধারিত দিনে যোগ দেন ১২ হাজার ৮৩০ জন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আবদুর রহিম বলেন, নয় শতাধিক প্রার্থী যোগ না দেওয়ায় অধিদপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা যায়, তাদের কেউ হয়তো এর চেয়ে ভালো চাকরি পেয়েছেন। তবে যোগ না দেওয়ার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিউটের অধ্যাপক মজিবুর রহমান দেশ রূপান্তরকে বলেন, শিক্ষকতা পেশায় মেধাবীদের আগ্রহ কমে যাওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। এ পেশায় মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। একজন শিক্ষককে যে ধরনের সামাজিক মর্যাদা, আর্থিক নিরাপত্তা ও পেশাগত সুযোগ-সুবিধা দেওয়া প্রয়োজন, তা নিশ্চিত করা যাচ্ছে না।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়েও শিক্ষকরা অনেক সময় স্বাধীন ও স্বাভাবিক পরিবেশে কাজ করতে পারেন না। শিক্ষক রাজনীতি, প্রশাসনিক হস্তক্ষেপ, নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম এবং রাজনৈতিক বিবেচনা শিক্ষকদের পেশাগত মনোবলে নেতিবাচক প্রভাব ফেলে। অন্যদিকে, বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পেলে অনেক শিক্ষক উন্নত কর্মপরিবেশ, ভালো বেতন এবং পরিবারের ভবিষ্যতের কথা বিবেচনা করে সেখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।

প্রাথমিক পর্যায়েও একই ধরনের সংকট রয়েছে বলে মনে করেন এই অধ্যাপক-গবেষক। তার মতে, একজন মেধাবী তরুণ শিক্ষকতায় যোগ দিয়ে যদি দেখেন, বিদ্যালয়ে পর্যাপ্ত অবকাঠামো নেই, কাজের পরিবেশ ভালো নয়, আর্থিক উন্নতি ও পদোন্নতির সুযোগ সীমিত, তাহলে তার মধ্যে হতাশা তৈরি হওয়াটাই স্বাভাবিক। ফলে শুধু নিয়োগ দিয়ে শিক্ষকতার মান উন্নয়ন সম্ভব নয়; মেধাবীদের এ পেশায় আকৃষ্ট করা এবং যোগদানের পর তাদের ধরে রাখার মতো পরিবেশ তৈরি করতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত