রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজিব (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একটি পেট্রোল পাম্পে চাকরি করতেন।
রোববার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন বিকেলে মৃত্যু হয় তার।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. রায়হান জানান, ফ্লাইওভারের সায়দাবাদ অংশে মোটরসাইকেলসহ আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। তখন অনেক পথচারী দাঁড়িয়ে তার ভিডিও করছিল। কিন্তু কেউ তুলে হাসপাতালে নিচ্ছিল না।
তখন আমি সঙ্গে সঙ্গে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। আহত অবস্থায় ওই ব্যক্তি নিজের নাম পরিচয়ও জানিয়েছেন। পরবর্তীতে তার পরিবারকে খবর দেয়া হলে তারা হাসপাতালে যান। কোন গাড়ি তাকে ধাক্কা দিয়েছে সেটি কারও জানা নেই।
স্বজনরা জানান, তার বাড়ি শরিয়তপুরের ভেদরগঞ্জ থানা এলাকায়৷ তার বাবার নাম আফতাব। বর্তমানে যাত্রাবাড়ী রসূলপুর এলাকায় থাকতেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশ তদন্ত করছে।