ড্যাফোডিল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেড-এর ফ্ল্যাগশিপ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত মানবসম্পদ ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ‘পারফেক্ট এইচআর’ (Perfect HR) বাংলাদেশের সেরা এইচআর ম্যানেজমেন্ট সফটওয়্যার হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (FBHRO) আয়োজিত ৮ম জাতীয় সম্মেলনে ‘বেস্ট এইচআর ম্যানেজমেন্ট সফটওয়্যার সল্যুশন টুলস’ (Best HR Management Software Solution Tools) ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়। ‘হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড এআই: রি-স্কিলিং ফর দ্য ফিউচার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকার শেরাটন হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
FBHRO-র একটি নিরপেক্ষ ও ব্লাইন্ড মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে এই বিজয়ী নির্বাচন করা হয়। এতে একটি স্বাধীন বিচারক প্যানেল নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে সফটওয়্যারগুলোর কার্যকরী নির্ভরযোগ্যতা, বাংলাদেশ শ্রম আইনের সাথে সামঞ্জস্য, তথ্যের গোপনীয়তা এবং গ্রাহকদের অভিজ্ঞতা যাচাই করে চূড়ান্ত মূল্যায়ন সম্পন্ন করেন।
সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, যিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ড্যাফোডিল গ্রুপের পক্ষে ‘বেস্ট এইচআর সফটওয়্যার সল্যুশন অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন গ্রুপের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. জহিরুল হক চৌধুরী, এফসিএমএ।
উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা পরিচালিত ‘পারফেক্ট এইচআর’ একটি সমন্বিত মানবসম্পদ ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম, যা স্বয়ংক্রিয় সিভি যাচাই ও প্রার্থী বাছাই, কর্মী নিয়োগ, দক্ষতা ও সম্ভাবনা মূল্যায়ন, বেতন-ভাতা (পেরোল) ব্যবস্থাপনা এবং কর্মদক্ষতা মূল্যায়নের মতো গুরুত্বপূর্ণ এইচআর কার্যক্রম সহজতর করে। ডেটা-নির্ভর বিশ্লেষণ ও বুদ্ধিবৃত্তিক তথ্যের মাধ্যমে প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের সময়োপযোগী কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ, কর্মীদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সামগ্রিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে সহায়তা করে।
এই অর্জন বাংলাদেশের সফটওয়্যার শিল্পে ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেডের প্রযুক্তিগত উদ্ভাবন, এআই-নির্ভর সমাধান এবং বিশ্বমানের প্রযুক্তি সেবা প্রদানের অঙ্গীকারের এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন FBHRO-র প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, FBHRO-র সহ-সভাপতি এবং ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য ড. ফরিদ এ. সোবহানী সহ দেশ-বিদেশের বরেণ্য শিক্ষাবিদ, গবেষক এবং মানবসম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞবৃন্দ। যুক্তরাজ্য, কানাডা, শ্রীলঙ্কা, ভারত ও ফিলিপাইনের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের অধ্যাপক ও বিশেষজ্ঞদের অংশগ্রহণ সম্মেলনে এক আন্তর্জাতিক মাত্রা যোগ করে।