‘এমআর-৯’ ও মিমের পরিকল্পনা

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১২:০৬ এএম

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্য ২০২১ ছিল অন্যতম গুরুত্বপূর্ণ বছর। করোনার আশঙ্কা ও সংশ্লিষ্ট ঝামেলা ছাড়া বাকি দিকগুলো তার জন্য দারুণ ছিল। দেশের অন্যতম কাক্সিক্ষত এই নারী গত বছরই নিজের জন্মদিনে বাগদানের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দেন। দীর্ঘদিনের প্রেমিক সানি পোদ্দারের সঙ্গেই তার বাগদান অনুষ্ঠিত হয়। বছরের একেবারে শেষদিকে তিনি পেয়েছেন দর্শকের জরিপে সিনেমার সেরা অভিনেত্রী হিসেবে দেশের অন্যতম পুরস্কার। নতুন বছরও মিম নিজের করে নিতে চান। তাই নানা পরিকল্পনা সাজিয়েছেন। ইতিমধ্যে বছরের প্রথমভাগের কাজের পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন। এখন শুধু অপেক্ষা সেগুলো সময়মতো বাস্তবায়ন করার। বছরের প্রথম দিন থেকেই জিমে ঘাম ঝরাচ্ছেন এই গ্ল্যামার গার্ল। জিমের ফাঁকেই দেশ রূপান্তরকে মিম বলেন, ‘আমি শিক্ষকের মেয়ে। ছোটবেলা থেকেই পরিকল্পনামাফিক কাজ করার গুরুত্ব শিখেছি বাবার কাছ থেকেই। তাই প্রতি বছর বেশকিছু পরিকল্পনা করে ফেলি। সেভাবেই পরিশ্রম করি, যাতে সবগুলো লক্ষ্য পূরণ করতে পারি।’ তিনি আরও বলেন, ‘২০২২ আমার জন্য সবচেয়ে স্পেশাল, কারণ আমার দুটি মনের মতো সিনেমা মুক্তি পাবে বলে শুনেছি। দুটি সিনেমারই নির্মাতা রায়হান রাফি। তিনি বলেছেন করোনা পরিস্থিতি এখনকার মতো স্বাভাবিক থাকলেই ভালোবাসা দিবসে মুক্তি পাবে ‘পরাণ’ (সহশিল্পী শরিফুল রাজ ও ইয়াস রোহান) ছবিটি। এই ছবিতে যে চরিত্রে কাজ করেছি সেটি আমার অভিনীত সব চরিত্রের মধ্যে সবচেয়ে প্রিয়। চরিত্রটিতে নানা ধরনের লেয়ার আছে। কাজ করতেও খুব ভালো লেগেছে। এর পরে তিনি মুক্তি দিতে চান স্পোর্টস ড্রামাভিত্তিক সিনেমা ‘দামাল’। এই ছবিটি দেশপ্রেম, ভাতৃত্ববোধ ও একতার কথা বলে। এ সময়ে এসে এই ছবির তাৎপর্যও কম নয়।’

মিম জানালেন, এ বছর তিনি আগের চেয়ে আরও ভালো গল্প ও বৈচিত্র্যময় কিছু চরিত্রের সিনেমায় অভিনয় করতে চান। ব্যাটে বলে মিলে গেলে ওয়েব সিরিজেও আবার তাকে দেখা যাবে। সবচেয়ে বড় খবর হলো, এ বছরই তিনি নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছেন। তার বাগদানের পরপরই ভক্তরা বিয়ের খবর শুনতে মরিয়া হয়েছিল। কিন্তু তখনই তা জানাননি। তবে এবার জানালেন, এ বছরের কোনো একটি শুভ সময় দেখে সাত পাকে বাঁধা পড়বেন ব্যাংকার প্রেমিকের সঙ্গে।

শুধু তাই নয়, জানালেন এ বছরের প্রথম তিন মাসের কাজের সিডিউল। মিমের ভাষ্য, ‘অনেকেই জানেন, সবার গ্রহণযোগ্যতার কারণে আমি বেশকিছু ব্র্যান্ডের সঙ্গে নিয়মিত কাজ করছি। সেই ব্র্যান্ডের প্রচারের জন্য পুরো জানুয়ারি মাসজুড়ে বিভিন্ন টিভিসি, ওভিসি, ফটোশ্যুট, ক্যাম্পেইন ইত্যাদিতে ব্যস্ত থাকতে হবে। ফেব্রুয়ারিতে নতুন সিনেমার শ্যুটিং শুরু করব। মার্চেও নতুন আরেকটি ছবিতে কাজের কথা রয়েছে।’

চলচ্চিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার, সমালোচক ও দর্শক জরিপ পুরস্কার পেয়েছেন মিম। কিন্তু ওয়েবে সেভাবে তাকে প্রস্ফুটিত হতে দেখা যায়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অল্প যে কাজগুলো ওয়েবের জন্য করেছি, সেগুলো কমবেশি দর্শক পছন্দ করেছেন। কিন্তু এখন আন্তর্জাতিকমানের যে সব ওয়েব কনটেন্ট দেখি, সে তুলনায় আমাকে আরও দারুণ কিছু কাজ করতে হবে। কিন্তু ব্যাটে বলে মিলছে না। প্রথম তিন মাসের সিডিউল পূর্ণ হওয়ায় সম্প্রতি দুটি ভালো মানের ওয়েব প্ল্যাটফর্মের কাজ ছেড়ে দিতে হয়েছে। এ জন্য মন খারাপ হয়েছে। কিন্তু কিচ্ছু আসলে করার নেই। আমি যাকে আগে কমিটমেন্ট দেব, তার কাজই আগে করব এটাই তো পেশাদারিত্ব।’

মিম সম্প্রতি শেষ করেছেন দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমার কাজ। এখন তিনি প্রস্তুতি নিচ্ছেন জাজ মাল্টিমিডিয়ার আন্তর্জাতিক সিনেমা ‘এমআর-৯’-এর জন্য। দর্শক জানেন, ছবিটি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানাকে নিয়ে। ছবিটি বাংলা ও ইংরেজি ভাষার এ সিনেমাটি পরিচালনা করছেন আসিফ আকবর। মিমের সহশিল্পী হিসেবে দেখা যাবে বাংলাদেশের এবিএম সুমনসহ বিভিন্ন দেশের তারকাদের। ছবিটি নিয়ে মিম বলেন, ‘আমি খুবই এক্সাইটেড এমন বড় আয়োজনের একটি ছবির সঙ্গে যুক্ত হতে পেরে। ছবিটির জন্য অবশ্যই আলাদা প্রস্তুতির দরকার রয়েছে। তবে এখনো পরিচালকের সঙ্গে আমার সরাসরি দেখা হয়নি। তিনিই ছবির নাবিক। তার ভিশন সম্পর্কে সরাসরি না জেনে আমি নিজ থেকে কাজ খুব বেশি এগোতে পারব না। আশা করছি তিনি দ্রুত দেশে ফিরবেন এবং ছবিটি নিয়ে সরাসরি আমাদের ভাবনার আদান-প্রদান হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত