অভিনয়ে নিয়মিত গায়িকা পড়শী

আপডেট : ২১ জুন ২০২২, ০১:৪২ এএম

জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। গানের পাশাপাশি তাকে সম্প্রতি দেখা যাচ্ছে নাটকে অভিনয় করতে। গত ঈদে তার অভিনীত ‘মারিয়া ওয়ান পিস’ নাটকটি বেশ প্রশংসিত হয়। তারই ধারাবাহিকতায় আসছে কোরবানির ঈদের জন্য ফারহানের সঙ্গে জুটি বেঁধে আরও একটি নাটকে অভিনয় করলেন। অবশ্য এর অনেক আগে শাকিব খানের বিপরীতে অনন্য মামুন পরিচালিত ‘মেন্টাল’ সিনেমা অভিনয় করেছিলেন এই গায়িকা। তবে এরপর দীর্ঘদিন অভিনয়ে দেখা যায়নি। গত ঈদে একটি নাটকে অভিনয় করলেন। এখন থেকে কি নিয়মিত নাটকে দেখা যাবে? জানতে চাইলে পড়শী বলেন, ‘যদি ভালো গল্প পাই তাহলে অবশ্যই দেখা যাবে। তবে একেবারেই যে নিয়মিত মাসে তিন-চারটা নাটক করব তেমন নয়। আমার নাটকও গানের মতোই উৎসব উপলক্ষে দর্শকদের উপহার দেব। গান যেমন বেছে বেছে করি এবং বিশেষ দিনে প্রকাশ করি, নাটকও তেমনই করব। এর বাইরে যদি গল্প ও অন্য বিষয়গুলো আমার মনের মতো হয়, তাহলেই কাজ করব।’ গেল ঈদের নাটকের সাড়া কেমন তাও জানালেন, ‘ভীষণ ভালো সাড়া পেয়েছি। ‘মারিয়া ওয়ান পিস’ নাটকে আমার অভিনয় সবার কাছে প্রশংসিত হয়েছে। সবার প্রশংসার কারণেই আবার নাটকে কাজ করার সাহস পেয়েছি।’

এ নাটকে আপনার সহশিল্পী ফারহান। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা দুজন দুই অঙ্গনের মানুষ। যার কারণে এ নাটকে কাজ করার আগে তার সঙ্গে কখনো দেখা হয়নি, কথাও হয়নি। ফারহান ভাইয়ের প্রতি দূর থেকে আমার অন্যরকম একটা ধারণা ছিল। অনেক সময় অনেক ধরনের কথাও শুনেছি। তাই ভেবেছি, তিনি হয়তো একটু রাগী হবেন। তা ছাড়া তিনি কতটা হেলপফুল হবেন সেটি নিয়েও একটা ভাবনা ছিল। সত্যি বলতে তার সঙ্গে দেখা হওয়ার আগ পর্যন্ত তার প্রতি একটা নেতিবাচক ধারণাই ছিল। আমার কাছে এখন মনে হয় অভিনয়ের জন্য যাদের সঙ্গে আমি কাজ করেছি তাদের মধ্যে সব থেকে বেশি সাপোর্ট পেয়েছি ফারহান ভাইয়ের কাছ থেকে। আমাকে ধরে ধরে তিনি অনেক কিছু শিখিয়েছেন। তার শটের বাইরে তিনি মনিটরের কাছে বসে থেকে আমার অভিনয় দেখেছেন। আমার অভিনয় ঠিক না থাকলে তিনি আমাকে দেখিয়ে দিয়েছেন। এ নাটকে যদি আমি ভালো করে থাকি, তার বেশির ভাগ অবদান ফারহান ভাইয়ের কারণেই।’

পড়শী সবার সঙ্গে নাকি নির্দিষ্ট জুটির সঙ্গে কাজ করতে চান? জুটিপ্রথা নিয়ে তিনি বলেন, ‘আমি নির্দিষ্ট কোনো জুটিতে বিশ্বাস করি না। আসলে জুটি তো আমরা তৈরি করি না। এটি দর্শক-শ্রোতাদের ভালো লাগার কারণেই তৈরি হয়ে যায়। তাদের কাছে কখন কোন জুটি ভালো লাগে সেটি আগে থেকে বলা যায় না। দর্শকরাই বলতে পারবেন। গানের ক্ষেত্রে যেমন অনেকের সঙ্গে কাজ করলেও সবাই পড়শী-আরফিন রুমি জুটির গানকে স্পেশালভাবে নিত। তাই নাটকের জুটির বিষয় নিয়ে এখনো বলার সময় হয়নি।’

গানে আপনার ব্যাপক জনপ্রিয়তা থাকার পরও গান প্রকাশের সংখ্যা এত কম কেন? এমন প্রশ্নের উত্তরে এই তারকা বলেন, ‘আমি কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিকে প্রাধান্য দিয়ে আসছি সব সময়। এ ছাড়া যখন গান শুরু করি তখন অ্যালবামের সময় ছিল। বছরে তখন আমি একটা অ্যালবামই প্রকাশ করতাম। সেখানে ১০-১২টা গান থাকত। সারা বছর আমি একটা অ্যালবামের জন্য কাজ করতাম। এখন অ্যালবামের যুগ নেই, তাই বলে প্রত্যেক মাসে কোয়ান্টিটি বাড়ানোর জন্য কোয়ালিটিকে স্যাক্রিফাইস করব, সেটি আমার হয়ে ওঠে না। বছরে না হয় আমি একটা গানই করব; কিন্তু সেটি আমার মনের মতো হতে হবে। এখন সেই একটা গান সবার কাছে কতটুকু ভালো লাগবে সেই গ্যারান্টি দিতে পারব না। অ্যালবামের ক্ষেত্রে ১০টা গান দশ রকমের থাকত। ফলে দেখা যেত যে, কোনো একটা গান যে কারও কাছে ভালো লেগে যেত; কিন্তু এখন রিস্ক নিয়েই হাঁটতে হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত