কারা কাঁঠাল খেতে পারবেন না?

আপডেট : ২৮ জুন ২০২৪, ১১:০৮ পিএম

কোন ফল খেলে তরতাজা থাকবেন, কোন ফল খেলে আবার বিপদ, এই ধোঁয়াশাতে অনেকেই পড়েন। বিশেষ করে, গরমের সময় বাজারে যেসব রকমারি ফল পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হল কাঁঠাল। রসালো এই ফল অনেকেই পছন্দ করেন। তবে আদৌ কি কাঁঠাল খাওয়া ঠিক?

কাঁঠাল খেলে কী হয়? 

কাঁঠালে রয়েছে পুষ্টির ভান্ডার। এই মিষ্টি রসালো ফলে রয়েছে ক্যালশিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি৬, পটাশিয়াম, ফসফসারের মতো বিভিন্ন উপাদান। যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। শুধু তাই নয়, কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট। যা বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই চালায়। 

বিশেষজ্ঞদের মতে, কাঁঠাল হার্টের স্বাস্থ্যের জন্য খুবই কার্যকরী। কাঁঠালে যেহেতু পটাশিয়াম রয়েছে। ফলে এই উপাদান দেহে সোডিয়ামের মাত্রা ঠিক রাখে। যার ফলে নিয়ন্ত্রণে থাকে ব্লাড প্রেশার।

আবার, কাঁঠালে যেহেতু ফাইবার রয়েছে। ফলে এটি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। নিয়মিত কাঁঠাল খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। পাতে কাঁঠাল রাখলে ক্যান্সারের ঝুঁকি কমে। 

পেটের সমস্যা সারাতেও কাঁঠালের জুরি মেলা ভার। নিয়মিত কাঁঠাল খেলে অ্যাসিডিটির সমস্যা কমে। এতে ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও রেহাই পাওয়া যায়। 

কাঁঠাল কারা খাবেন না? 

কাঁঠালের এত পুষ্টিগুণ থাকলেও সকলের কিন্তু এই ফল খাওয়া ঠিক নয়। বিশেষজ্ঞদের মতে, যাঁরা ডায়াবেটিসে ভুগছেন, তাঁরা কখনওই কাঁঠাল খাবেন না। কারণ, কাঁঠাল খেলে সুগার বাড়তে পারে। 

ডায়াবেটিসের রোগীরা কাঁঠাল নিয়েও দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। আসলে কোন খাবারে দেহে শর্করার মাত্রা কতটা বৃদ্ধি পায়, তা গ্লাইসেমিক ইনডেক্সের মাধ্যমে পরিমাপ করা হয়। কাঁঠালে প্রচুর ফাইবার আছে, যা শর্করার মাত্রা বাড়াতে বাধা দেয়। কিন্তু ডায়াবেটিক রোগী ইচ্ছেমতো কাঁঠাল খেতে পারবেন না। কারণ, এটি মিষ্টি ফল। সারা দিনে তিন থেকে চারটি কোয়া, অর্থাৎ ৫০ গ্রাম খেতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে, ওই দিন অন্য আর কোনো মিষ্টি ফল খাবেন না।

কিডনি রোগীদের জন্য কাঁঠাল নিষেধ, বিষয়টি মনে রাখতে হবে। কারণ, এতে প্রচুর পটাশিয়াম থাকে। যাদের কিডনি ও ডায়বেটিস বা শুধু কিডনির সমস্যা আছে, তারা অবশ্যই চিকিৎসক অথবা পুষ্টিবিদের পরামর্শে কাঁঠাল খাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত