সাব্বির জাদিদের নতুন উপন্যাস ‘পিতামহ’

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩৫ পিএম

অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশ হয়েছে সাব্বির জাদিদের নতুন উপন্যাস ‘পিতামহ’। বইটি বের করেছে ঐতিহ্য। প্রচ্ছদ কাজী যুবাইর মাহমুদ। মেলায় পাওয়া যাচ্ছে ঐতিহ্যের স্টলে (প্যাভিলিয়ন-১৪)।

ইসলামের নবী মোহাম্মদ (সা.) এর দাদা আবদুল মোত্তালিবের জীবন এবং প্রায় দেড় হাজার বছর পূর্বের আরব্য ইতিহাসের ওপর উপজীব্য করে লেখা হয়েছে বইটি।

মক্কার কোরাইশ বংশের প্রভাবশালী নেতা আবদুল মোত্তালিবের ওপর বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস এটি।

বইটির ফ্ল্যাপে লেখা হয়েছে, “৪৯৭ খ্রিষ্টাব্দে ইয়াসরিবের সবুজ ভূ-খণ্ডে জন্ম নেয় এক বিস্ময়কর আরব শিশু। মাথাভর্তি সাদা চুল দেখে মা তার নাম রাখেন শাইবা। পরিণত বয়সে এই শাইবা হয়ে ওঠেন জাহিলি আরবের কিংবদন্তিতুল্য নেতা আবদুল মোত্তালিব। পিতামহ-এই শুভ্র চুলের মক্কানেতা আবদুল মোত্তলিবের জীবনাশ্রিত উপন্যাস।

ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে জন্মগ্রহণ করেছিলেন আবদুল মোত্তালিব, তার সময়ের মক্কা স্মরণকালের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পাড়ি দিচ্ছিল। নবী-জন্মের পূর্বাভাস, কন্যাশিশু হত্যা, গোত্রীয় দাঙ্গা, কৌলীন্য প্রথা, প্রেম-দ্রোহ, কাব্যযুদ্ধ, দাসব্যবস্থা, লুটতরাজ, হস্তিবাহিনীর কাবা আক্রমণ—গোটা আরব অগ্নিগর্তের কিনারায় অবস্থান করছিল। পিতামহ সেই অগ্নিগর্ভ সময়ের দলিল।”

সাব্বির জাদিদের জন্ম ও বেড়ে ওঠা কুষ্টিয়ায়। পড়াশোনা করেছেন মাদ্রাসায়। ইতিমধ্যে কথাসাহিত্যে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। এর আগে তার প্রকাশিত বই- একটি শোক সংবাদ (গল্প), পাপ (উপন্যাস), ভাঙনের দিন (উপন্যাস), জীবনঘড়ি (উপন্যাস)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত