সাকিব-মোস্তাফিজসহ আইপিএল নিলামে বাংলাদেশের ৫ জন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৭ পিএম

আইপিএলের আসছে আসরের নিলামে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন মোট পাঁচ ক্রিকেটার। ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসরে নিয়মিত খেলা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে এবার নিলামে রয়েছে লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের নাম।

বেঙ্গালুরুতে ১২ ও ১৩ ফেব্রুয়ারি হতে যাওয়া নিলামের জন্য পুরো বিশ্ব থেকে নাম তুলেছিলেন মোট ১২১৪ জন ক্রিকেটার। দলগুলির কাছ থকে চাহিদাপত্র পাওয়ার পর বিজ্ঞপ্তি দিয়ে মঙ্গলবার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। ৫৯০ জন রয়েছেন এই তালিকায়।

যাদের মধ্যে ২২৮ জন ক্রিকেটারের আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। ৩৫৫ জনের আইপিএলে ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। আইসিসির সহযোগী সদস্য দেশগুলো থেকে ‍নিলামে সুযোগ পেয়েছেন ৭ জন।

ভারতসহ সব মিলে মোট ১৫টি দেশের ক্রিকেটার এবারের আইপিএল নিলামে সুযোগ পাচ্ছেন। অস্ট্রেলিয়া থেকে সবচেয়ে বেশি ৪৭ জন ক্রিকেটারের নাম রয়েছে নিলামের তালিকায়।

বাংলাদেশ থেকে এবার মোট ৯ জন ক্রিকেটার নাম দিয়েছিলেন, বাদ পড়েছেন ৪ জান।

সাকিব ও মোস্তাফিজ রয়েছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। দুজনই আছেন ২ কোটি রুপি ভিত্তি মূল্যের তালিকায়। লিটন, তাসকিন ও শরিফুল তিনজনই আছেন ৫০ লাখ রুপির ক্যাটাগরিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত