নিকোল ফক্স ফেনলন, ২১ বছর বয়সী এক আইরিশ তরুণী। তিনি বন্ধুবান্ধব এবং পরিবারের কাছে কোকো নামে পরিচিত ছিল। বছরের পর বছর ভয়ংকর শারীরিক এবং অনলাইন নির্যাতন সহ্য করার পর ২০১৮ সালের জানুয়ারিতে সে আত্মহত্যা করে। জ্যাকি ফক্স, নিকোল ফক্সের মা জানান যে, ২০১৬ সালে কোকো একবার তার নিজের জীবন নেওয়ার চেষ্টা করার পরেও তার ওপর সরাসরি ও অনলাইন নিগ্রহ অব্যাহত ছিল। অপব্যবহারকারীরা জাল ফেসবুক পেজ তৈরি করেছিল; স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের মাধ্যমে সব সময় তাকে কটু কথা (বুলিং) শুনিয়ে যেত এবং প্রতিনিয়ত ফাঁসিতে ঝুলে তাকে মরে যেতে বলত। এমনকি তারা তাকে ফাঁসের ভিডিও পাঠিয়েছিল যেখানে কীভাবে নিজেকে ঝুলিয়ে মেরে ফেলতে হয় তা দেখানো হয়েছিল। উত্ত্যক্তকারীরা নির্যাতন ও নিগ্রহের জন্য অনলাইন প্ল্যাটফরম বেছে নিয়েছিল কারণ তারা জানত যে, অনলাইন প্ল্যাটফর্মে এ ধরনের অপরাধ করে নিস্তার পাওয়া সহজ। কারণ তখন পর্যন্ত আয়ারল্যাণ্ডে এভাবে অনলাইন হয়রানি প্রতিরোধে কোনো সুনির্দিষ্ট আইন ছিল না।
শেষমেশ ২০২০ সালে আইরিশ আইনসভা অনলাইন হয়রানি, ক্ষতিকারক যোগাযোগ এবং এ-সংক্রান্ত অপরাধ সম্পর্কিত বিষয়াবলি বিচারে জন্য নতুন একটি আইন প্রণয়ন করলে জ্যাকির অবিরাম পরিশ্রম ও প্রচারণা সফলতা পায়, যা পরবর্তীতে অনলাইনে আবির্ভূত নব্য অপরাধগুলো যথা : সম্মতি ছাড়া অনলাইনে অন্তরঙ্গ ছবি ছড়িয়ে দেয়া বা ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া, প্রতিশোধ পর্নোগ্রাফি, অনলাইন বা ডিজিটাল হয়রানি/উত্ত্যক্তকরণ; অনলাইন প্ল্যাটফরমের মাধ্যমে অশ্লীল বার্তা পাঠানো প্রভৃতি দমনে কোকোর আইন নামে পরিচিত লাভ করে। যদিও এই নতুন আইনটি নিকোল কোকোকে সুরক্ষা দিতে পারেনি, তথাপি এটি অন্যদের জীবন এবং পরিবারকে তার মতো অসহনীয় ভোগান্তি থেকে রক্ষা করে অপরাধীদের বিচারের সম্মুখীন করার পথ সুগম করেছে।
ডিজিটাল অপরাধ ও হয়রানি, যেমন: সম্মতি ছাড়াই অনলাইনে অন্তরঙ্গ ছবি প্রকাশ করা বা প্রকাশের হুমকি দেয়া আজকাল বিশ্বব্যাপী একটি উদ্বেগের বিষয়। বিশেষত সামাজিক যোগাযোগমাধ্যমের উদ্ভব এবং ঈর্ষণীয় জনপ্রিয়তা লাভের পর সমস্যাটি তীব্র আকার ধারণ করেছে।
বর্তমান বাংলাদেশে বেশ কিছু আইন যেমন : ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এবং ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮; দিয়ে সীমিত পরিসরে এসব অপরাধের বিচার বা ডিজিটাল হয়রানি মোকাবিলা করা সম্ভব। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফরমে সংঘটিত ডিজিটাল যৌন হয়রানি বিচারে ওপরের কোনো আইনই স্বয়ংসম্পূর্ণ নয় বা শুধু এসব আইন দিয়ে পরিস্থিতি যথাযথভাবে মোকাবিলা করা সম্ভব নয়।
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১) ধারার অধীনে কোনো নারী, পুরুষ বা শিশুকে কোনো প্রলোভনে পর্নোগ্রাফিতে অংশগ্রহণ করিয়ে তার জ্ঞাতে বা অজ্ঞাতে স্থির বা ভিডিওচিত্র ধারণ করলে ‘অপরাধ’ বলে বিবেচিত হবে; যার দরুন সাত বছর পর্যন্ত কারাদণ্ড ও দুই লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অধিকন্তু, ৮(২) ধারানুযায়ী কোনো ব্যক্তি পর্নোগ্রাফির মাধ্যমে অন্য কোনো ব্যক্তির সামাজিক বা ব্যক্তিগত মর্যাদা হানি করলে বা ভয় দেখিয়ে অর্থ বা অন্য কোনো সুবিধা আদায় করলে অথবা সেই ব্যক্তির জ্ঞাতসারে বা অজান্তে রেকর্ড করা পর্নোগ্রাফির মাধ্যমে মানসিকভাবে নির্যাতন করলে শাস্তি দেয়ার বিধান রয়েছে। ইন্টারনেট, ওয়েবসাইট, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি বিতরণও উল্লিখিত আইনের ৮(৩) ধারানুসারে নিষিদ্ধ। তবে আইনটি শুধু পর্নোগ্রাফি বিষয়ক অপরাধগুলো সন্নিবেশিত করেছে। যদিও এই আইনেও প্রতিশোধ পর্নো বা অনলাইন যৌন হয়রানির মতো অন্যান্য অপরাধ উপেক্ষিত থেকেছে। আবার বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯(১) ধারা শুধু অনলাইন প্ল্যাটফর্মে মানহানিকর বিষয়বস্তু ছড়িয়ে দেওয়ার শাস্তির বিধান রেখেছে; যেখানে অন্তরঙ্গ ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার বা ছড়িয়ে দেওয়ার হুমকি বিষয়ে কোনো বিধান নেই।
অন্তরঙ্গ চিত্রধারণ, বিতরণ বা প্রকাশ কোকোর আইনানুসারে একটি দণ্ডনীয় অপরাধ। এমনকি যে ব্যক্তি সম্মতি ছাড়া ছবিটি রেকর্ড, বিতরণ বা প্রকাশ করে, তার ক্ষতি করার কোনো উদ্দেশ্য না থাকলেও তা অপরাধ বলে বিবেচিত হবে। অপরাধ প্রমাণে এটিই যথেষ্ট হবে যে, অন্তরঙ্গ চিত্রগ্রহণ, বিতরণ বা প্রকাশ অন্য ব্যক্তির শান্তি এবং গোপনীয়তার অধিকারকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে বা তাতে ওই ব্যক্তির ক্ষতির শঙ্কা রয়েছে বা ওই কাজ তার যন্ত্রণার কারণ হয়েছে।
এখন প্রশ্ন হলো বাংলাদেশে কোকোর আইনের জন্য আমাদের আর কতদিন অপেক্ষা করতে হবে? আমরা কি হাজার হাজার অনলাইন যৌন নির্যাতনের শিকার এবং/অথবা অন্তরঙ্গ ছবি/ভিডিও প্রকাশের শিকার ব্যক্তিদের আর্তনাদ এখনো শুনতে পাচ্ছি না? নাকি আমরা আমাদের আইনপ্রণেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কোকোর মতো অন্য কারও জীবন উৎসর্গ করার জন্য অপেক্ষা করব? ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন ইতোমধ্যে অনেক পথ পাড়ি দিলেও এসব উল্লেখযোগ্য ডিজিটাল অপরাধ দমনে তেমন কোনো কার্যকর উদ্যোগ এখনো দৃষ্টিগোচর হয়নি। অনলাইন প্ল্যাটফরমে নিয়মিতভাবে ঘটে যাওয়া এই অপরাধগুলোর দেশে এ মুহূর্তে কোনো স্বীকৃতিই নেই। যেন চোখের সামনে প্রতিনিয়ত অপরাধ ঘটলেও চোখ মুদে প্রতিকারের ব্যবস্থা না করলে আপনা আপনি অপরাধ হ্রাস পাবে।
এই মুহূর্তে প্রথমে আমাদের কোকোর আইনের ন্যায় একটি আলাদা আইন তৈরি করে উপর্যুক্ত অপরাধগুলো স্বীকৃতি দিতে হবে। নতুবা নিরাপদ ডিজিটাল বাংলাদেশ গড়ার এটিই সবচেয়ে বড় অন্তরায় হতে পারে। এখনই আমাদের দেশে এ রকম একটি নতুন আইন প্রণয়ন করার উপযুক্ত সময়, যাতে সব অনলাইন প্ল্যাটফর্মে সব নতুন ধরনের ডিজিটাল যৌন হয়রানির শাস্তির যথাযথ বিচার করা যায়। অধিকন্তু আইনটিতে ভুক্তভোগীর গোপনীয়তা বজায় রেখে কেউ অপরাধের শিকার হলে সহজে এবং হয়রানিমুক্তভাবে যেন অভিযোগ দায়ের করতে পারে সে ব্যবস্থা তৈরি করতে হবে। আইনে বিচার কার্যক্রম রুদ্ধদ্বারে পরিচালনার বিধান সংযুক্ত করে ভুক্তভোগীদের অতিরিক্ত হয়রানির শিকারের হাত থেকে নিস্তার দিতে হবে। অন্যথায়, অপরাধীরা এসব অপরাধ বিচারে একটি সুনির্দিষ্ট আইনের অভাবে ডিজিটাল বাংলাদেশেকে ডিজিটাল যৌন হয়রানির স্বর্গে পরিণত করে ছাড়বে।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, আইন বিভাগ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
