বেশ ব্যস্ত সময় পার করছেন অজয় দেবগন। ‘ময়দান’, ‘সিংহম এগেইন’ সিনেমাতে দেখা যাবে তাকে। ইতিমধ্যে বক্স অফিসে ইতিবাচক সাড়া পাচ্ছে তার ‘শয়তান’। তবে জানেন কি, বলিউডের এই অ্যাকশন হিরোকে পড়তে হয়েছিল পুলিশের হাতে? গ্রেফতারও হন অভিনেতা।
অভিনেতা একা নন, তার সঙ্গে গ্রেফতার হয়েছিলেন বিন্দু দারা সিংও। ঘটনাটি হোলির দিনের। সেই সময় জিপ গাড়িতে চেপে গোটা মুম্বাই ঘুরে বেড়াতেন অভিনেতা। দোলের দিন বেশ কিছু বন্ধুবান্ধবকে গাড়িতে বসিয়ে ঘুরতে বের হন অজয়। এই আবহেই অভিনেতা বন্ধুদের জোরাজুরিতে মদের দোকানের সামনে নামেন পানীয় কিনতে। সেই সময় বেশ কিছু পুলিশ পিছু নেন তাদের। পানীয় কিনে গাড়িতে ওঠার সময় অজয়ের পায়ের কাছে গোঁজা বন্দুক চোখে পড়ে পুলিশের।
শুধু আগ্নেয়াস্ত্র নয়, অভিনেতার গাড়িতে ছিল হকি স্টিক এবং তলোয়ার। তাতেই গ্রেফতার হতে হয় অভিনেতাকে। যদিও পরে অবশ্য পুলিশকে অভিনেতা জানান, ওই বন্দুক তার নয় এবং আসলও নয়। সেটি ছিল তার বাবা বীরু দেবগনের সিনেমার ‘প্রপ্’। ঘটনাটি যে সময়কার। তখন কলেজে পড়ছেন অজয়। তার বাবা সেই সময় হিন্দি ছবির জগতের খ্যাতনামা অ্যাকশন পরিচালক। শেষে অজয়ের কথা সঠিক প্রমাণ হতেই পুলিশ ছেড়ে দেয় অজয় ও বিন্দু-সহ তাদের সবাইকে।
