গরমে তৃষ্ণা মেটাতে অনেকে ফলের রসের পাশাপাশি আখের রস খান। যা শরীর ভালো রাখতে অনেক উপকার করে। আখের রস থেকেই তৈরি হয় চিনি, কিন্তু চিনি থেকেও অনেক উপকারী আখের রস। শুধু এনার্জির জন্যই নয়, শরীর সুস্থ রাখতে আখের রসের জুড়ি মেলা ভার।
১. সংক্রমণ কমাতে আখের রস গুরুত্বপূর্ণ। আখের রস ডাইইউরেটিক বলে শরীর থেকে একাধিক বিষাক্ত পদার্থ দূর করতে ভূমিকা নেয়। জন্ডিসে আক্রান্ত হলে আখের রসকে ওষুধ হিসেবে বিবেচনা করা হয়। লিভারের স্বাস্থ্যের জন্যও আখের রস খাওয়ার প্রচলন রয়েছে।
২. কিডনি ভালো রাখতে আখের রস খুবই জরুরি। আখের রসে কোলেস্টেরলের পরিমাণ কম, সোডিয়াম এবং আনস্যাচুরেটেড ফ্যাটও প্রায় থাকেই না। তাই কিডনি ভালো রাখতে ভূমিকা নেয়।
৩. আখে প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্য আখ কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। তবে রস খাওয়ার থেকে চিবিয়ে খেলে বেশি পরিমাণে ফাইবার শরীরে কাজে লাগানো যায়।
৪. আখের রসে রয়েছে ম্যাগনেশিয়াম, আয়রনসহ বিভিন্ন খনিজ পদার্থ। ত্বক ভালো রাখতে এই খনিজ পদার্থগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সেই সঙ্গে আখের রসে থাকা আলফা হাইড্রক্সি অ্যাসিড ব্রণের সমস্যা কমাতে সাহায্য করে।
৫. নানা গুণাগুণের পাশাপাশি আখের রস হজমেও ভূমিকা নেয়। আখের রসে রয়েছে পটাশিয়াম, যা পাকস্থলির পিএইচ মাত্রা সঠিক রেখে হজমে সাহায্য করে।
