প্রসূতি মায়েরা ক্লান্তি কমাতে যা খাবেন

আপডেট : ২৪ জুন ২০২৪, ১২:২১ এএম

ডেলিভারির পর শরীর ক্লান্ত ও দুর্বল থাকা স্বাভাবিক। রাতের পর রাত জেগে সন্তান সামলানো অনেক কঠিন হয়ে পড়ে। তাই এ সময় সুস্থতার জন্য কিছু খাবার-দাবারের ব্যাপারে সচেতন থাকা দরকার। এই সময়টাতে কোন ধরনের খাবার খাবেন জেনে নিন।

হোল গ্রেইন খাবার : এ সময় ময়দার তৈরি খাবার খাবেন না। এমনকি খাওয়া যাবে না পাউরুটি, পাস্তার মতো খাবারও। তার বদলে ডায়েটে রাখতে পারেন ভাত, আটার রুটি, ওটস, ডালিয়ার মতো খাবার। কারণ, এসব খাবারে রয়েছে প্রয়োজনীয় কার্ব। যার ফলে এসব খাবার খেলে এনার্জির ঘাটতি দূর হতে সময় লাগে না। এর পাশাপাশি এসব খাবারে রয়েছে ফাইবার, যা প্রসূতির শরীরে শক্তি জোগাবে।

মাছ খান : মাছ হলো প্রোটিনের ভান্ডার। আর এই উপাদান কিন্তু শরীরে এনার্জি দেয়। শুধু তাই নয়, এতে থাকা ভিটামিন বি১২, ভিটামিন ডি এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পুষ্টির ঘাটতিও দূর করে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় মাছ রাখুন।

ডিম খেতেই হবে : কম খরচে সহজলভ্য প্রোটিন হলো ডিম। ডিমে আছে এতে ভিটামিন বি১২, ভিটামিন ডি, রিবোফ্ল্যাভিন, ফোলেট, লিউটিন, কোলিনের মতো একাধিক উপকারী উপাদান। আর এসব উপাদান কিন্তু নানাভাবে শরীরকে শক্তি দেয়। তাই নতুন সন্তানকে নিয়ে হেসেখেলে সময় কাটাতে চাইলে আজ থেকেই দিনে একটা করে ডিম খান। তাতেই শরীর ভালো থাকবে।

মিষ্টি আলু : প্রসূতির শরীরে শক্তির ঘাটতি মেটাতে পারে মিষ্টি আলু। কারণ, এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে কার্ব। আর এই উপাদান ইমিউনিটি বাড়ানোর কাজে একাই একশ। শুধু তাই নয়, এই সবজিতে ভিটামিন এ-এরও সন্ধান মেলে। এই ভিটামিন কিন্তু ইমিউনিটি বাড়াতে, দৃষ্টিশক্তি চাঙ্গা রাখতে সাহায্য করে। তাই নতুন মায়েরা মিষ্টি আলু খান।

সবুজ শাকসবজি : আমাদের অতি পরিচিত সব শাকপাতা হলো ভিটামিন ও খনিজের ভান্ডার। এমনকি এসব উদ্ভিজ্জ খাবারে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে। যার ফলে শাক খেলে কাছে ঘেঁষতে পারে না একাধিক রোগ। সেই সঙ্গে বাড়ে এনার্জি। তাই আর সময় নষ্ট না করে রোজ খাবারে শাকের একটা পদ রাখুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত