সাপের কামড়ে যুবকের মৃত্যু

আপডেট : ২৯ জুন ২০২৪, ১০:০১ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে সাপের কামড়ে আহত সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুন) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মারা যাওয়া সাইফুল কালিয়াকৈর উপজেলার বাসুরা গ্রামের ইউনুছ আলীর ছেলে।

এলাকাবাসী ও স্বজনরা জানান, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে টেঁটা দিয়ে প্রতিবেশীদের সঙ্গে মাছ ধরতে বাড়ির পাশের বিলে যান সাইফুল। সেখানে একটি সাপ সাইফুলের পায়ে কামড় দেয়। সাইফুলের সঙ্গে থাকা প্রতিবেশীরা টেঁটা দিয়ে সাপটিকে মেরে ফেলেন। পরে মৃত সাপটি নিয়ে সাইফুল বাড়িতে যান এবং পরিবারকে সাপে কামড় দেওয়ার বিষয়টি জানান। এর পরপরই সাইফুলকে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। পরে পরিবারের লোকজন রাতে তাকে টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে সাইফুল মারা যান।

কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইছামুদ্দিন জানান, মাছ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন মাহমুদা আখতার বলেন, ‘গাজীপুরের সবগুলো উপজেলা হাসপাতালে অ্যান্টিভেনামের সরবরাহ বাড়ানো হয়েছে। কাউকে সাপে কামড়ালে হাসপাতালে আসতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত