বাড়ির কাচের বাসনকোসন ব্যবহারের ফলে অনেক সময় দাগ হয়ে যায়। তাই বলে তো বাতিল করে দেওয়া যাবে না। কীভাবে কাচের বাসনগুলো পরিষ্কার করবেন জেনে নিতে পারেন।
১. বেশ কয়েকটা বড় পাত্রে পরিমাণ মতো হালকা গরম পানি নিন। তারপর তাতে মেশান কয়েক ফোঁটা লিকুইড সোপ। দুই উপকরণ মিশিয়ে ৫ মিনিট অপেক্ষা করুন। এরপর কাচের বাসন সাধারণ পানি দিয়ে ধুয়ে বাটি, গ্লাস আলাদা আলাদাভাবে রেখে দিন। এবার পানি-সাবানের মিশ্রণে কাচের বাটি-গ্লাস ভিজিয়ে রাখুন অন্তত ১৫ মিনিট। এতে কাচের বাসনে জমে থাকা ময়লা নরম হবে। দাগছোপও মলিন হয়ে আসবে। তারপর বাসনগুলো তুলে শুকনো জায়গায় রাখুন এবং বাড়তি পানি ঝরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
২. একটি হালকা নরম স্পঞ্জে পরিমাণ মতো সাবান নিয়ে পাত্রগুলো ধীরে ধীরে ঘষুন। এ সময় বেশি চাপ দেবেন না। কিংবা পাত্রগুলো পরিষ্কার করার সময়ে স্পঞ্জের বদলে কোনো শক্ত জিনিসও ব্যবহার করবেন না। এতে পাত্রে ঘষা লাগবে এবং দাগ পড়ে যাবে। স্পঞ্জ দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে সাধারণ পানিতে বাসনগুলো ধুয়ে নিন। তারপর পানি ঝরা পর্যন্ত অপেক্ষা করুন। শেষে শুকনো কাপড় দিয়ে কাচের পাত্রগুলো ভালোভাবে মুছে নিন। দেখবেন কাচের বাটি-গ্লাসগুলো ঝকঝক করবে আর পুরনো দাগছোপও থাকবে না।
