চিলির বিপক্ষে ডি মারিয়ার ফেরার গুঞ্জন

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০২:০৬ পিএম

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন আনহেল ডি মারিয়া। কোপা আমেরিকার ফাইনাল ছিল আর্জেন্টিনার হয়ে ডি মারিয়ার বিদায়ী ম্যাচ। তবে আর্জেন্টিনার জার্সিতে তাঁর আরও কয়েক মিনিট খেলার গু্ঞ্জন শোনা যাচ্ছে।

আগামী সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠ চিলির বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে আর্জেন্টিনা। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ডি মারিয়া সেই ম্যাচে স্টেডিয়ামে থাকবেন এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ঘরের মাঠে তাঁকে সম্মান জানাবে।

তবে ডি মারিয়া খেলবেন এমনটি স্পষ্ট বলা হয়নি।

স্ত্রী হোর্হেলিনার সঙ্গে ডি মারিয়া।

আর্জেন্টিনার রেডিও স্টেশন 'রাদিও লা রেদ' কে ডি মারিয়ার স্ত্রী হোর্হেলিনা বলেন, ‘শুনেছি তারা চায় বিদায়ী ম্যাচটা যেন সে (ডি মারিয়া) আর্জেন্টিনায় খেলে। চিলির বিপক্ষে ১১ মিনিট (দি মারিয়ার জার্সি নম্বর ১১) সে খেলবে কি না, আমি জানি না। তবে ভাবনাটা দারুণ। কারণ, সে এটার যোগ্য। তার ভক্তরাও তাকে (ঘরের মাঠে বিদায় জানাতে) চায়। আমিও চাই।’

ডি মারিয়ার স্ত্রী হোর্হেলিনা আরও জানিয়েছেন, ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পরই আর্জেন্টিনা জাতীয় দল ছাড়তে চেয়েছিলেন তাঁর স্বামী, 'আমরা বিশ্বকাপ জয়ের পর সে বলল, এটাই সময়। সতীর্থরা তাকে বলেছিল যে সময়টা এখনো হয়নি। তাই সে কোপা পর্যন্ত থেকেছে, আর খুব ভালোভাবে সব শেষ হয়েছে। আমি চাই না সে কখনো অবসর নিক। কিন্তু সে যে সিদ্ধান্ত নিয়েছে, তা ঠিক আছে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত