অফিস টেবিলে কেমন গাছ রাখবেন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৪ এএম

অফিস ডেস্কে যেখানে রোদ আসছে না, তেমন জায়গায় কী ধরনের গাছ রাখা যাবে তা জেনে নিয়ে কিনতে পারেন। এমন গাছ কিনতে হবে যার যত্নআত্তিতে বেশি সময় লাগবে না। অল্প যত্নেও তা থাকবে সতেজ, তরতাজা।

অফিস বা কাজের ক্ষেত্র মানে দিনের বেশিরভাগ সময়টাই শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বন্দি হয়ে থাকা। আর এ সময় চিন্তা-উদ্বেগ যেমন কাজ করে, তেমনই কাজে একঘেয়েমিও এসে যায়। উৎসাহ পাওয়া যায় না অনেক সময়েই। যদি এই সময়টাতে একটি ছোট্ট গাছ ডেস্কে রাখতে পারেন, তা হলেই মন ভালো হয়ে যাবে। অফিস ডেস্কে সবুজের ছোঁয়া থাকলে তা বদলে দিতে পারে আপনার ক্লান্তি-বিরক্তি মেশানো দিন।

অফিস ডেস্কে যেখানে রোদ আসছে না, তেমন জায়গায় কী ধরনের গাছ রাখা যাবে তা জেনে নিয়ে কিনতে পারেন। এমন গাছ কিনতে হবে, যার যত্নআত্তিতে বেশি সময় লাগবে না। অল্প যতেœও তা থাকবে সতেজ, তরতাজা। ডেস্কের জন্য বাছতে পারেন ইংলিশ আইভি, অ্যালোভেরা, পিস লিলি, স্নেক, জেড, স্পাইডার, চায়নিজ, এভারগ্রিন, বস্টন ফার্ন, পোথোস বা ফিলোডেনড্রন জাতীয় গাছ।

এমন অনেক গাছ আছে যাতে রোজ পানি দিতে হয় না। মাটি শুকিয়ে যাওয়ার পর পানি দিলেই হবে। যেমন স্পাইডার বা হোয়াইট মানিপ্ল্যান্ট সে ধরনের গাছ। আবার পিস লিলি যেমন দেখতে সুন্দর, তেমনই এর বেশি যত্নও নিতে হয় না। বড় বড় সবুজ পাতার মাঝে সাদা রঙের সুন্দর একটি ফুল দেখলেই মন ভালো হয়ে যাবে।

স্নেক প্ল্যান্টের পুরোটাই পাতা। বাতাসের দূষিত পদার্থ শোষণ করে অক্সিজেনের মাত্রা বাড়াবে। অফিস ডেস্কে এমন গাছ খুবই ভালো লাগবে দেখতে। আবার সাকুলেন্ট, লিথপস জাতীয় গাছের পাতা বেশ মোটা হয়। পাতায় পানি ধরে রাখাই এ জাতীয় গাছের বিশেষত্ব। ডেস্ক প্ল্যান্টস হিসেবে এগুলোর জুড়ি মেলা ভার। যতই কাঁটা থাকুক না কেন, ক্যাকটাসের প্রতি আকর্ষণ কিন্তু সকলেরই। আর ক্যাকটাসে রোজ পানি দিতে হয় না। বানি ইর্য়াস, ওল্ড লেডি ক্যাকটাস, চিনা ক্যাকটাস, সাগুয়ারো ক্যাকটাস বেশ ভালো। তবে কিছু গাছের জন্য রোদ দরকার হয়। তাই কেনার সময়ে জিজ্ঞাসা করে কেনাই ভালো। এক থেকে দেড় মাস অন্তর টবের মাটি অল্প খুঁচিয়ে সার মিশিয়ে দিলেই হলো। তবে সার কখনো গাছের গোড়ায় দেবেন না। ডেস্কে বসে চিনি ছাড়া লিকার চা খেলে, কাপের তলানির চা ফেলবেন না। বরং ঠান্ডা হয়ে গেলে সেই লিকার ঢেলে দিন গাছে। তাতেই সার দেওয়া হয়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত