মহিলা ক্রীড়া সংস্থার কাউন্সিলরশিপের চিঠি প্রত্যাখ্যান বাফুফের

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ পিএম

বৈধ পথে সভা করে আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের জন্য নিজেদের কাউন্সিলর চূড়ান্ত করেছিল বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। তবে সেই প্রতিনিধির নাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনে জমাই দিতে পারেনি সংস্থাটি। তাদের অভিযোগ, ‘সময় পেরিয়ে গেছে’ দাবি করে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার তাদের কাউন্সিলরশিপের চিঠি গ্রহণ করেননি।

বাফুফের নির্বাচনী কংগ্রসে কাউন্সিলরশিপ জমা দেওয়ার শেষদিন ছিল আজ ৩০ সেপ্টেম্বর। এদিন মহিলা ক্রীড়া সংস্থা সভা করে তাদের কাউন্সিলর হিসাবে শিরিন আক্তারের নাম প্রেরণের সিদ্ধান্ত নেয়। কিন্তু এই চিঠি বাফুফে সাধারণ সম্পাদক গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ফরহাদ জেসমিন লিটি। তিনি বলেন, 'বাফুফে সাধারণ সম্পাদক বলেছেন, আমরা সন্ধ্যা ৬ টার মধ্যে আসিনি বলে মহিলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর প্রেরণের চিঠি গ্রহণ করা হবে না। এরপর তাকে জিজ্ঞাসা করেছিলাম, বাফুফের চিঠিতে কোথাও সন্ধ্যা ৬টার কথা লেখা হয়নি কেন ? গতকাল-পরশু রাত ১০টা পর্যন্ত কাউন্সিলরশিপের চিঠি নিয়েছে যা আমি জানি। আজ কেন নিল না, আমি বুঝতে পারছি না।' এ ব্যাপারে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

মহিলা ক্রীড়া সংস্থা সভা করে বৈধ প্রক্রিয়ায় কাউন্সিলর প্রেরণের চিঠি দিয়েছে বলে জানিয়েছেন লিটি, 'আমাদের ভারপ্রাপ্ত সভানেত্রী আঞ্জুমান আরা আকসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিরিনকে বাফুফে নির্বাচনে কাউন্সিলর করার সিদ্ধান্ত হয়েছে। এর আগে কেউ নাম পাঠালে তা মোটেও গ্রহণযোগ্য হবে না।'

একটি সূত্র জানিয়েছে, এর আগে মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফিরোজা করিম নেলি কাউন্সিলর হিসেবে নিজের নাম প্রেরণ করেছেন বাফুফেতে। তবে অভিযোগ আছে, কোন প্রকার সভা না করেই নিজের নাম বাফুফেতে জমা দেন নেলি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত