অগ্রাধিকার দিতে হবে কর্মমুখী শিক্ষাকে

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৫ এএম

দেশের প্রচলতি শিক্ষা ব্যবস্থায় কর্মমুখী শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার সময় এসে গেছে। পাশাপাশি দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পর্যায়ে শ্রম বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রশিক্ষণ এবং দক্ষতা বাড়াতে বিশেষ পরিকল্পনা গ্রহণ ও ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। এসব পরিকল্পনা বাতস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে হবে। বিশেষ করে নারীদের কর্মসংস্থানে প্রতিবন্ধকতাগুলো দূর করতে অন্তর্বর্তী সরকারের শ্রম অধিকার কমিশনকে উদ্যোগ নিতে বিলম্ব করা ঠিক হবে না। যতটা সম্ভব নারী ও যুবকদের কর্মসংস্থান বাড়াতে শিক্ষাক্রমে কর্মমুখী শিক্ষায় সংযোজন করতে হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত ‘বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা, কিশোরী ও যুবাদের কাজের সুযোগ ও কর্মব্যবস্থা’বিষয়ক সংলাপে এসব কথা বলেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার মোয়াজ্জেম।

খন্দকার মোয়াজ্জেম বলেন, নানামুখী প্রতিবন্ধকতার কারণে জেলা পর্যায়ে কিশোরী ও তরুণীদের জন্য চাকরির বাজার অনেক চ্যালেঞ্জিং। যে কারণে শহুরে নারীদের চেয়ে গ্রামীণ নারীরা পিছিয়ে রয়েছে। কিন্তু ওই বিষয়ে তেমন কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।

হাওর অঞ্চলের পিছিয়ে পড়া জেলা কিশোরগঞ্জের শ্রমবাজার নিয়ে একটি জরিপ তুলে ধরে খন্দকার মোয়াজ্জেম বলেন, প্রত্যন্ত এলাকাগুলোতে স্থানীয় সরকারের কার্যক্রমের আওতা বাড়াতে হবে। নারীদের কর্মসংস্থান বাড়াতে ফ্রি ট্রেনিং, উপজেলা লেভেলে ইনসেনটিভের ব্যবস্থা করা এবং কৃষি ও ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলোতে পেইড ইন্টার্নশিপের ব্যবস্থা করা প্রয়োজন। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে তো ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট উদাসীনতা রয়েছে। তার যদি ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার ক্ষেত্রে কৃপণতা দেখায় তবে অ্যাকাডেমিক কোর্স শেষ বা প্রশিক্ষণ শেষে বাস্তব অভিজ্ঞতা আসবে কোথায় থেকে। অভিজ্ঞতা তো ক্লাসে অর্জন করা যায় না। সেজন্য শিল্প গ্রুপগুলোর উচিত যেসব যুবক এ কিশোর অ্যাকাডেমিক শিক্ষা শেষে ইন্টার্নশিপ করতে আগ্রহী, তাদের সেই সুযোগ নিশ্চিত করা।

নারীর উন্নয়ন এবং পিছিয়ে পড়া গ্রামাঞ্চল নারীদের এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের শ্রম অধিকার কমিশনকে নারীদের কর্মসংস্থানে প্রতিবন্ধকতাগুলো দূরীকরণের তাগিদ দেন সিপিডির এ গবেষণা পরিচালক।

সর্বশেষ সর্বাধিক পঠিত