বেড়া থানায় ককটেল নিক্ষেপ 

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম

পাবনার বেড়া মডেল থানায় ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগ ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ নভেম্বর) ভোর ৫টার দিকে থানার সামনে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর ৫টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শম্ভুপুর গ্রামের নেতাকর্মীদের নিয়ে  কার্যক্রম নিষিদ্ধ  আওয়াশী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের নেতা জাহাঙ্গীরের নেতৃত্বে একটি মশালমিছিল বের হয়। মিছিলটি ডাকবাংলো এলাকা থেকে শুরু হয়ে বেড়া মডেল থানার দিকে যায়।

মিছিলকারীরা থানার ফটকের সামনে এসেছে ককটেল নিক্ষেপ করে এবং আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছোড়ে। এতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটে। এরপর ​থানা এলাকা থেকে সরে গিয়ে হামলাকারীরা বেড়া শহীদ খালেক স্টেডিয়ামের কাছে গিয়ে অগ্নিসংযোগ করে। এ সময় পাবনা-ঢাকা রুটের ‘আলহামরা’ পরিবহনের একটি বাস ভাঙচুর করা হয়। কিছুক্ষণ পর তারা এলাকা ছেড়ে চলে যায়।

স্থানীয় জানায়, শনিবার (২৮ নভেম্বর) বিকেলে মহিলা আওয়ামী লীগের কর্মীরা মিছিল নিয়ে বেড়া মডেল থানা ঘেরাওয়ের চেষ্টা করেন। পরে রাতে পুলিশ অভিযান চালিয়ে চার নারী কর্মীকে গ্রেপ্তার করে। এর জের ধরেই ভোরে থানায় হামলার ঘটনা ঘটে।

​বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, অগ্নিসংযোগ ও বাস ভাঙচুরে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ছাড়া রাতে গ্রেপ্তার হওয়া চার নারীর বিরুদ্ধে প্রচলিত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত