মহান স্বাধীনতা দিবস ও ঈদকে সামনে রেখে সাভারে মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সাভার উপজেলা প্রশাসন। এ সময় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ স্থাপনা।
রবিবার (২৩ মার্চ) সকাল থেকে সাভারের হেমায়েতপুর এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানে নের্তৃত্ব দেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সরকার। এ সময় তার সাথে সাভার সদর, আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনারগন (ভূমি) উপস্থিত ছিলেন।
সকালে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে পরিচালিত উচ্ছেদ অভিযানে মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনাগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এ সময় মাইকিং করে মহাসড়ক ও ফুটপাতে দোকান না বসানোর জন্য নির্দশনা দেওয়া হয়। তবে উচ্ছেদ অভিযান শেষ হওয়ার পর আবারও নতুন করে সবকিছু মেরামত করে দোকান বসাতে দেখা গেছে। এ ছাড়া মহাসড়কের পূর্বপাশে ঢাকাগামী সার্ভিস লেনের অবৈধ স্থাপনাগুলো বহাল তবিয়তে থাকতে দেখা গেছে।
পরবর্তীতে সাভার বাজার বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা প্রায় দুই হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এখানেও একইভাবে অভিযান শেষে হকাররা ফের মহাসড়ক দখল করে নেয়। এতে করে জনগণের চলাচলে দুর্ভোগ নেমে আসে।
অন্যদিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ও বলিভদ্র বাজার এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখল করে নির্মিত দোকানপাট উচ্ছেদ করতে গেলে অসাধু ব্যবসায়ীরা নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ এবং উচ্ছেদ কার্যক্রমে নিয়োজিত শ্রমিকদের ওপর হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সরকার বলেন, মহান স্বাধীনতা দিবস ও ঈদকে সামনে রেখে জনগণের চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফুটপাত ও সড়কের জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। সকালে হেমায়েতপুর ও সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে তিন হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এবং বলিভদ্র বাজারসহ ঢাকা-আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতেও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ও ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে । এসময় কেউ আইন অমান্য করার চেষ্টা করলে তাদের জেল জরিমানা করা হবে।
দিনব্যাপী পরিচালিত এ উচ্ছেদ অভিযানে সেনাবাহিনী, সাভার থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা সাহায্য করেন।
আসুন, জনগণের প্রত্যাশা পূরণের আলোচনা করি: তারেক রহমান
কুষ্টিয়ায় হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৯ জনের যাবজ্জীবন