যেসব কারণে তপনের অপসারণ দাবি নাঈম-মিমোদের

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৯:১৫ পিএম

জাতীয় হকি দলের খেলোয়াড় নাঈম উদ্দিনকে অশ্রাব্য ভাষায় গালি দেওয়ায় বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আবু জাফর তপনের অপসারণের দাবিতে শুক্রবার সংবাদ সম্মেলন করেছেন পাঁচ সিনিয়র খেলোয়াড়। এশিয়া কাপের দল থেকে অন্যায়ভাবে বাদ দেওয়ায় ক্ষেপেছেন পুস্কর খীসা মিমোসহ চার হকি খেলোয়াড়। তাদের অভিযোগ, ব্যক্তিগত আক্রোশ থেকে তাদের বাদ দেওয়ার হোতা তপন। মঙ্গলবার দল ঘোষণার রাতে এ নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে নাঈমকে ভাষায় উল্লেখ করার অযোগ্য গালি দেন তপন। এ নিয়ে শুক্রবার হকি খেলোয়াড়রা আলোচিত এই কর্মকর্তার বিচার ও অপসারণ দাবি করেন।

শুক্রবার হকি ফেডারেশনে সংবাদ সম্মেলন ডেকেছিলেন খেলোয়াড়রা। পরে অবশ্য ঢাকা জাতীয় স্টেডিয়ামে হয় সেই সংবাদ সম্মেলন। সামার অ্যাথলেটিক্স মিট চলাকালে মাঠের এক প্রান্তে উপস্থিত সাংবাদিকদের সামনে উপস্থিত হন মিমো, নাঈম, আবেদ উদ্দিন, হাসান যোবায়ের নিলয় ও আল আমীন। ভুক্তভোগী নাইম বলেন, ‘আবু জাফর তপন আমাদের সঙ্গে গালাগালি করেছেন এবং একটা সময় আমাদের (প্রকাশ অযোগ্য) গালি দিয়েছেন। আমরা কি জাতীয় দলে খেলি এই গালি শোনার জন্য? তিনি আমাদের তপন (আবু জাফর তপন) ভাই। তিনি তো আমাদের সঙ্গে এমন করতে পারেন না।’ 

নাঈম আরও যোগ করেন, ‘যখন দল ঘোষণা করা হয়েছে, তখন তাদের কাছে জানতে চেয়েছি (কেন বাদ পড়লাম)। আমাদের যে সাধারণ সম্পাদক আছেন রিয়াজ (লে. কর্নেল অব. রিয়াজুল হাসান) ভাই তার কাছে গিয়েছি এবং খুব বিনয়ের সঙ্গে জানতে চেয়েছি। আমাদের বাদ দেওয়া ন্যায়সংগত হয়েছে কি না? যদি ন্যায় হয়ে থাকে, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ। আর যদি অন্যায় হয় তাহলে আপনাদের বিচারের আওতায় আসতে হবে হয় আমাদের কাছে, নয় আল্লাহর কাছে। কিন্তু বিচারের আওতায় আসতেই হবে।’ মিমোর সাফ কথা, ‘আমরা আবু জাফর তপনের পদত্যাগ চাচ্ছি। উনি যে ভাষা ব্যবহার করেছেন, তা বাংলাদেশের সব হকি খেলোয়াড়কেও উদ্দেশ্যেই বলেছেন। আমরা চাচ্ছি উনি যেন ফেডারেশনে না থাকেন। ৭২ ঘণ্টার মধ্যে ওনাকে একটা শাস্তি দিতে হবে। সেই শাস্তি হবে পদত্যাগ।’ 

তপন অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ বরাবরের মতো মিথ্যা দাবি করেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত