গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৫৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া সিটিতে এক গর্ভবতী নারী নিহত হন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি জানায়, গাজা সিটিতে ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল।
সোমবার শহরের শাতি শরণার্থী শিবিরের কাছে এক গর্ভবতী নারী ও তার অনাগত শিশুকে হত্যা করেছে ইসরায়েল সেনারা।
একই হামলায় আরও এক শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা। গাজা সিটির আল-শিফা হাসপাতালে চিকিৎসা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
একইদিন ইসরায়েলি বাহিনী শহরের দক্ষিণাংশের জায়তুন ও সাবরা এলাকায় বোমা বর্ষণ অব্যাহত রাখে। গত মাস থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত এক হাজারেরও বেশি ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সোমবারের হামলায় সেখানেই অন্তত ১০ জন নিহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে আল জাজিরার সাংবাদিক মোয়াথ আল-খালুত জানান, বাজারে ইসরায়েলি হামলার পর অন্তত চারজন নিহত এবং বহু মানুষ আহত হন। আতঙ্কে মানুষ চারদিকে ছুটতে থাকে।
তিনি বলেন, মানুষ জানে না কোথায় যাবে, কী করবে। তারা নিরাপদ আশ্রয় খুঁজছে, কিন্তু ইসরায়েলি সেনারা শহরের প্রতিটি কোণায় হামলা চালাচ্ছে।
শহরের দক্ষিণে দেইর আল-বালাহ এলাকায় আল-মাজরা স্কুলে জড়ো হওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করেও হামলা চালায় ইসরায়েল। পরে আল-আকসা মার্টিয়ার্স হাসপাতাল আনাস সাঈদ আবু মুগসিব নামের এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করে।
চিকিৎসা সূত্র জানায়, সোমবার একদিনেই ইসরায়েলি হামলায় পুরো গাজায় অন্তত ৫৯ জন নিহত হয়েছেন।
