নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে মৃত্যু

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম

নওগাঁ সদর উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে জুথি আক্তার (২২) নামের এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদরের কাঁঠালতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুথি সদর উপজেলার আনন্দনগর মৃধাপাড়ার ঝুন্টু প্রামাণিকের মেয়ে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, এক বছর আগে জুথির বিয়ে গাজীপুরের বাসিন্দা তানভীরের সঙ্গে হয়। বিয়ের কয়েক মাস পর জুথি জানতে পারেন, তার স্বামীর আরও একটি স্ত্রী রয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের টানাপড়েন শুরু হয়। একপর্যায়ে জুথি স্বামীর বাড়ি ছেড়ে নওগাঁয় বাবার বাড়িতে চলে আসেন এবং তানভীরের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানির দিন। সকালে কোর্টে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জুথি। এই সময় কাঁঠালতলী এলাকার প্রধান সড়কের পাশে একটি মাইক্রোবাস নিয়ে ওঁত পেতে ছিলেন তানভীর। জুথি রাস্তায় দাঁড়াতেই তানভীর ছুরি দিয়ে তাকে আঘাত করেন এবং পালিয়ে যান। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জুথিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত তানভীর রহমানকে গ্রেপ্তারের জন্য ইতোমধ্যেই বিভিন্ন থানায় ওয়ারলেস মেসেজ দেওয়া হয়েছে।

ওসি জানান, নিহত জুথির বাবা ঝুন্টু প্রামাণিকের বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করবেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত