৪৯৬ রানের ম্যাচে ছক্কার রেকর্ড, জয় ভারতের

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১১:৩০ পিএম

টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটিং তাণ্ডবে ছক্কার বিশ্বরেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত। তিরুবনন্তপুরমে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি–টোয়েন্টিতে আগে ব্যাট করে ভারত তোলে ৫ উইকেটে ২৭১ রান। জবাবে নিউজিল্যান্ড ১৯.৪ ওভারে ২২৫ রানে অলআউট হলে ৪৬ রানের জয় পায় স্বাগতিকরা। দুই দলের মোট রান ৪৯৬—এই ম্যাচেই গড়ে নতুন ছক্কার রেকর্ড।

ভারতের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন ইশান কিষাণ। ৪৩ বলে ৬টি চার ও ১০টি ছক্কায় ১০৩ রান করেন তিনি, যা তার টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতক। অধিনায়ক সূর্যকুমার যাদব ৩০ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় করেন ৬৩ রান। হার্দিক পান্ডিয়া ১৭ বলে ৪টি ছক্কা ও একটি চারে যোগ করেন ৪৩ রান।

এই ম্যাচে ভারত এক ইনিংসেই হাঁকায় ২৩টি ছক্কা, যা টি–টোয়েন্টিতে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে যৌথভাবে সর্বোচ্চ। এর আগে ২০২৪ সালে ভারতের বিপক্ষেই দক্ষিণ আফ্রিকা এক ইনিংসে ২৩টি ছক্কা মেরেছিল।

এছাড়া পুরো পাঁচ ম্যাচের সিরিজে ভারত মোট ৬৯টি ছক্কা হাঁকিয়ে গড়ে নতুন বিশ্বরেকর্ড। এর মাধ্যমে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের করা ৬৪ ছক্কার রেকর্ড ভেঙে দেয় ভারত।

২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের হয়ে ফিন অ্যালেন ৩৮ বলে ৮০ রান করেন। তবে বড় লক্ষ্য চাপের মুখে পড়ে কিউইরা। তাদের ইনিংসে চক্ভাকা ১৩টি। ভারতের বোলিংয়ে আর্শদিপ সিং ৫১ রানে ৫ উইকেট নেন, অক্ষর প্যাটেল নেন ৩ উইকেট।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত