নরসিংদীতে পানিতে ডুবে শিশুসহ দুইজনের মৃত্যু

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৯:১৩ পিএম

নরসিংদী জেলার পৃথক দুই স্থানে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থী ও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮মার্চ) বিকেলে পলাশ ও মাধবদীর পৃথক স্থানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। ওই দুইজন হলো পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের ইউসূফ মোল্লার ছেলে ইয়াছির ইবনে সিহাব (১৯)। সে নরসিংদী আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। আর মাধবদী উপজেলার কাঁঠালিয়া ইউনিয়নের ফজুরকান্দি কান্দাপাড়া এলাকার মো. শাহ আলম মোল্লার মেয়ে মোসা. মেঘলা আক্তার (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ইয়াছির ইবনে সিহাব তার এলাকার কয়েকজন ছোট ভাইকে নিয়ে জয়পুরা গ্রামের একটি বিলে গোসল করতে নামে। এক পর্যায়ে সে বিলের পানিতে তলিয়ে যায়। পরে তার সঙ্গের ছেলেরা পাড়ে উঠে স্থানীয় লোকজনকে বিষয়টি জানায়। স্থানীয়দের কাছে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। চার ঘণ্টা চেষ্টার পর বিকেলে বিল থেকে সিহাবের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে একইদিন দুপুরে মাধবদী উপজেলার কাঁঠালিয়া ইউনিয়নের ফজুরকান্দি কান্দাপাড়া এলাকায় মেঘলা আক্তার তার তিন বান্ধবীকে নিয়ে স্থানীয় একটি পুকুরের পাড়ে ভিডিও (টিকটক) করতে যায়। এ সময় অসাবধানতাবশত সে পা পিছলে পুকুরে পড়ে যায়। স্থানীয়ভাবে ‘বালুর পুকুর’ নামে পরিচিত ওই পুকুরটি প্রায় ২০ ফুট গভীর। ঘটনার পর স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এরপর বিকেল ৪টা ৪৫ মিনিটে পুকুরের গভীর পানি থেকে মেঘলার মরদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে মরদেহ তার খালার কাছে হস্তান্তর করা হয়। শিশু মেঘলার বাবা মো. শাহ আলম মোল্লা বর্তমানে প্রবাসে রয়েছেন।

মাধবদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। টিকটক করতে গিয়ে পা পিছলে পরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, সিহাবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের তথ্যমতে গভীর পানিতে তলিয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত