মাদারীপুরে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক ও পিকাপ মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো একজন। মঙ্গলবার (৩১মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার বিসমিল্লাহ অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, গ্যাস সিলিন্ডার নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল একটি ট্রাক। এসময় সমাদ্দার এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা বরিশালগামী পিকাপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন পিকাপ চালক ও হেলপার। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০শয্যা জেলা হাসপাতালে নেয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক পিকাপ চালক অজয় কুমার হাওলাদারকে মৃত ঘোষণা করেন।
হেলপারকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নিহত অজয় বরগুনার পাথরঘাটার তালুকের চরদুয়ানা গ্রামের শৈলেন চন্দ্র হাওলাদারের ছেলে।
