কুয়াকাটায় ইয়াবাসহ শ্রমিকদল নেতা আটক

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পিএম

পর্যটন নগরী কুয়াকাটায় মাদকবিরোধী অভিযানে দুইজনকে আটক করেছে প্রশাসন। আটককৃতদের মধ্যে স্থানীয় পৌর শ্রমিকদলের সহসভাপতি জাকির (৪৪) রয়েছেন, যিনি ইয়াবা পরিবহনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

রবিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাকিরের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

একই অভিযানে আটক অপর ব্যক্তি দুলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান সম্পূর্ণ জিরো টলারেন্স। কুয়াকাটাকে একটি নিরাপদ ও পরিচ্ছন্ন পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত