দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খোলার পাশাপাশি এবং সিন্ডিকেটমুক্ত রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, ‘আমরা বুধবার (আগামীকাল) মালয়েশিয়া যাচ্ছি। সে দেশের মন্ত্রণালয় থেকে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে আলোচনার পরে কী হবে, সেটা সবাইকে জানানো হবে। আমরা চেষ্টা করব, শ্রমবাজার দ্রুত খোলার জন্য।’
গতকাল সোমবার মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
আরিফুল হক চৌধুরী বলেন, আমরা কোনো সিন্ডিকেট বুঝি না, সবসময় সবার জন্য উন্মুক্ত রাখার চেষ্টা করি। আমরা যাচ্ছি, আলোচনা হবে। মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর আমাদের কাছে এসেছে। এর মধ্যে চারজনের মরদেহ আমরা গ্রহণ করেছি। একজনের মরদেহ পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে। তিনি বলেন, নিহতের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফনকার্যের জন্য ৩৫ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে দেওয়া হয়েছে। এ ছাড়া আর্থিক সহায়তা হিসেবে ৩ লাখ টাকা দেওয়া হবে।