ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেস ভোলা সদর উপজেলার দক্ষিণ চরনোয়াবাদ আগারপোল বাজারসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় প্রায় ৪৮ হাজার টাকা মূল্যের ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মো. ইব্রাহিম খলিলুল্লাহ (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ইব্রাহিম খলিলুল্লাহ ভোলা সদর উপজেলার দক্ষিণ চরনোয়াবাদ এলাকার বাসিন্দা।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. আবুল কাশেম জানান, জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
